জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ জাহিদের মা ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ক্যান্সার আক্রান্ত ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ফাতেমা তুজ জোহরা। এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান।
তিনি বলেন , সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ফাতেমা তুজ জোহরাকে চাকরির আশ্বাস দেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। এর মাত্র দুই সপ্তাহ পর ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যান্সার ধরা পড়ে। সাত মাস পর স্বামীকেও হারান তিনি। একের পর এক এই শোক ও সংকটে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়ে।
এ পরিস্থিতিতে বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারটির পাশে দাঁড়ান। সে সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তার নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বর্তমান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা শুরু হয়।
উপ-প্রেস সচিব আরও বলেন, শুরু থেকেই আতিকুর রহমান রুমনের মাধ্যমে জিসানের চিকিৎসার নিয়মিত খোঁজখবর নিতেন তারেক রহমান। বর্তমানে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানেই জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা অব্যাহত রয়েছে।
