বহুল আলোচিত মামলায় হেরে গেলেন প্রিন্স হ্যারি

বহুল আলোচিত মামলায় হেরে গেলেন প্রিন্স হ্যারি

ফন্ট সাইজ:

অবৈধভাবে ব্যক্তিগত তথ্য সংগ্রহের অভিযোগে বৃটিশ সংবাদপত্র ডেইলি মেইলের প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডের (এএনএল) বিরুদ্ধে করা বহুল আলোচিত মামলায় হেরে গেছেন বৃটেনের প্রিন্স হ্যারি ও আরও ছয়জন বিশিষ্ট ব্যক্তি। মঙ্গলবার (৭ জুলাই) বৃটেনের হাইকোর্ট অভিযোগকারীদের সব অভিযোগ খারিজ করে দেন। আদালত বলেছেন, বাদীপক্ষ অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডের (এএনএল) বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। বিচারপতি ম্যাথিউ নিকলিন রায়ে বলেন, অভিযোগগুলো অত্যন্ত গুরুতর হলেও কেবল সন্দেহের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা যায় না।

অভিযোগকারীদের প্রমাণ করতে হতো যে, ডেইলি মেইলে প্রকাশিত তথ্যগুলো অবৈধ উপায়ে সংগ্রহ করা হয়েছিল, কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছেন। রায়ের সারসংক্ষেপে বিচারপতি বলেন, কোনো তথ্য ব্যক্তিগত হলেই বা সংবাদপত্র সেটি কীভাবে সংগ্রহ করেছে তা স্পষ্টভাবে ব্যাখ্যা করতে না পারলেই ধরে নেয়া যাবে না যে তথ্যটি অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে। এদিকে সোমবার রাতে বৃটেনে পৌঁছান প্রিন্স হ্যারি। তিনি অভিযোগ করেছিলেন, ১৯৯৩ থেকে ২০১১ সালের মধ্যে ডেইলি মেইল এবং এর সহযোগী প্রকাশনাগুলো বিভিন্ন প্রতিবেদনের জন্য অবৈধ পদ্ধতিতে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এই মামলার অন্য বাদীদের মধ্যে ছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী এলটন জন ও তার স্বামী ডেভিড ফার্নিশ, অভিনেত্রী এলিজাবেথ হার্লি, মানবাধিকারকর্মী ডরিন লরেন্স, অভিনেত্রী স্যাডি ফ্রস্ট এবং সাবেক রাজনীতিক সাইমন হিউজ। রায় ঘোষণার দিনই দেশটিতে ২০২৭ সালের ইনভিক্টাস গেমস শুরু হতে আর এক বছর বাকি থাকা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার কর্মসূচি শুরু করেন প্রিন্স হ্যারি।

বার্মিংহামে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক ক্রীড়া আসরকে সামনে রেখে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। তবে নিরাপত্তাজনিত কারণে তার স্ত্রী মেগান এবং সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেট এবার লন্ডন সফরে তার সঙ্গে যাননি। রায় ঘোষণার আগে লন্ডনের গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসে সপ্তাহের প্রথম জনসম্মুখের অনুষ্ঠানে যোগ দেন প্রিন্স হ্যারি।

এ বছরের শুরুতে দুই মাসেরও বেশি সময় ধরে চলা শুনানিতে বাদীপক্ষ অভিযোগ করে, ডেইলি মেইলের প্রকাশক বেসরকারি গোয়েন্দা নিয়োগ দিয়ে ভয়েসমেইলে আড়ি পাতা, ফোনে আড়িপাতা এবং প্রতারণার মাধ্যমে ব্যক্তিগত নথি সংগ্রহসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করেছে। তবে ডেইলি মেইলের প্রকাশক অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেড শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, আমাদের সাংবাদিকরা বৈধ উৎস থেকেই সব তথ্য সংগ্রহ করেছেন। পাশাপাশি প্রতিষ্ঠানটি আদালতে যুক্তি দেয়, অভিযোগকারীরা নির্ধারিত সময়সীমা পেরিয়ে অনেক দেরিতে মামলা করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন