ফিলিস্তিনিদের জন্য যার মন কাঁদে না সে মানুষই নয়: মিশরের কোচ

ফিলিস্তিনিদের জন্য যার মন কাঁদে না সে মানুষই নয়: মিশরের কোচ

ফন্ট সাইজ:

আর্জেন্টিনার বিপক্ষে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে ফিলিস্তিনের গাজার জনগণের দুর্দশার কথা তুলে ধরে বিশ্বজুড়ে সচেতনতা তৈরির এক আবেগঘন আহ্বান জানিয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে এই জয়কে ফিলিস্তিনিদের উৎসর্গ করেন তিনি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর।

সোমবারের সংবাদ সম্মেলনে ম্যাচের আলোচনার ফাঁকে হোসাম হাসান ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে প্রায় চার মিনিটেরও বেশি সময় কথা বলেন, যা সেখানে উপস্থিত সাংবাদিকদের মুগ্ধ করে। তিনি বলেন, বিশ্বের এমন কোনো মানুষ যদি থাকে যার মনে ফিলিস্তিনিদের জন্য কষ্ট নেই, তবে সে মানুষই নয়। সেই ব্যক্তি আরব, ইউরোপীয় কিংবা মার্কিন যা-ই হোক না কেন। গত শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পেনাল্টি শুটআউটে জয়ের পর ফিলিস্তিনের পতাকা ওড়ানোর কারণ জানতে চাওয়া হলে তিনি এটিকে সম্পূর্ণ একটি ‘মানবিক প্রতিক্রিয়া’ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের যেকোনো জায়গায় একটি প্রাণীকে আঘাত করা হলেও আমরা দেখি পশু অধিকার নিয়ে কথা হচ্ছে এবং পুরো বিশ্ব প্রতিক্রিয়া দেখাচ্ছে। অথচ একটা ক্ষেপণাস্ত্রের আঘাতে একদিনে দুই বা তিন হাজার মানুষ মারা যাওয়াটা এখন শোনার জন্য স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ধর্ম বা জাতীয়তার ঊর্ধ্বে নিজেকে একজন মানুষ হিসেবে উল্লেখ করে তিনি ফুটবলকে মাধ্যম বানিয়ে ফিফার স্লোগানের মতোই মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান। অস্ট্রেলিয়ার সাথে ১-১ গোলে ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জয় পেয়েছিল মিশর, যা বিশ্বকাপের নকআউট পর্বে তাদের প্রথম ঐতিহাসিক জয়।

ধ্বংসস্তূপের মাঝে স্ক্রিনে ম্যাচটি দেখে গাজার সাধারণ মানুষও উদযাপনে মেতে ওঠে। আর্জেন্টিনার বিরুদ্ধে জয় পেলে মিশর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে। লিওনেল মেসি এবং বিশ্বচ্যাম্পিয়ন দলের মুখোমুখি হওয়া প্রসঙ্গে হোসাম হাসান বলেন, আমরা জানি আমরা কাদের বিরুদ্ধে খেলছি, তবে আমাদের কোনো ভয় নেই। আমাদের স্বপ্ন ও আকাক্সক্ষার কোনো সীমা নেই। আমরা সাত হাজার বছরেরও বেশি পুরোনো একটি সভ্যতা। আমরা মিশর, আরব বিশ্ব এবং পুরো আফ্রিকার প্রতিনিধিত্ব করছি এবং ভক্তদের প্রত্যাশা পূরণে মাঠে আমাদের সর্বোচ্চটা দেব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন