সাম্য, মানবিকতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনদর্শন বর্তমান সময়ে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। তিনি জাতীয় কবির সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সময়ে সাম্য, মানবিকতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় নজরুলের দর্শন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক।
গত রোববার সন্ধ্যায় মৌলভীবাজার পৌর মুক্তমঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে ‘নজরুল বর্ষ (২০২৬-২০২৭)’র উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান এসব কথা বলেন। তিনি বলেন, নজরুলের চেতনার কোনো মৃত্যু নেই। অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন সমাজ গঠনে নজরুলের দর্শন আজ আরও বেশি প্রয়োজন। কাজী নজরুল ইসলাম কেবল বাংলা সাহিত্যের কবি নন। তিনি সাম্য, দ্রোহ, প্রেম, মানবতা ও সম্প্রীতির অবিসংবাদিত কণ্ঠস্বর। তার সাহিত্য, সংগীত ও দর্শন যুগে যুগে মানুষকে অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে। বক্তব্যে তিনি জাতীয় কবির জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা স্মরণ করে বলেন, ১৯৭৬ সালের দিকে ভারত সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে কবিকে বাংলাদেশে আনার উদ্যোগ নেয়া হয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আসার কিছুদিন পরই তিনি মৃত্যুবরণ করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নজরুলের প্রতি গভীর শ্রদ্ধা ও আকর্ষণ ছিল। নাসের বলেন, নজরুল বর্ষকে ঘিরে বছর জুড়ে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাহিত্য পাঠ, সংগীতানুষ্ঠান, কর্মশালা, আবৃত্তি, রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হবে। প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের সমন্বয়ে জাতীয় কবির সাহিত্য, সংগীত ও দর্শন তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরসহ জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক সংগঠক, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন। এদিকে, ওই দিন বিকালে রাজনগর উপজেলা পরিষদের হলরুমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করেন এম নাসের রহমান এমপি। সোমবার সকালে সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। পরে ১ নম্বর বার হলে জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এম নাসের রহমান।
