পঞ্চদশ সংশোধনী বাতিল চাইলেন আপিলকারী, তবে ৩ বিষয়ে ব্যতিক্রম রাখার প্রস্তাব

পঞ্চদশ সংশোধনী বাতিল চাইলেন আপিলকারী, তবে ৩ বিষয়ে ব্যতিক্রম রাখার প্রস্তাব

ফন্ট সাইজ:

সংবিধানের পঞ্চদশ সংশোধনী পুরোপুরি অসাংবিধানিক ঘোষণা করে বাতিলের আবেদন জানিয়েছেন আপিলকারীদের আইনজীবী শরীফ ভূঁইয়া। মঙ্গলবার আপিল বিভাগের শুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘পঞ্চদশ সংশোধনী একটি অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় পাস করা হয়েছিল এবং এর মাধ্যমে সংবিধানের মৌলিক চরিত্র পরিবর্তন করা হয়েছে, যা সংবিধানের সঙ্গে এক ধরনের প্রতারণার শামিল।

তিনি বলেন, পঞ্চদশ সংশোধনী ছিল একটি ব্যাপক সংশোধন, যা কার্যত সংবিধান পুনর্লিখনের সমতুল্য। তাই সর্বোচ্চ আদালতের উচিত জনগণের স্বার্থে এ ধরনের সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করা, যাতে ভবিষ্যতে কোনো সরকার একইভাবে সংবিধান পরিবর্তনের সুযোগ না পায়।

তবে পুরো সংশোধনী বাতিল হলে কিছু সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে বলেও আদালতকে অবহিত করেন তিনি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। শরীফ ভূঁইয়া বলেন, এই কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণ বা অক্ষমতার অভিযোগ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পঞ্চদশ সংশোধনী বাতিল হলে এ ব্যবস্থাটি সংবিধান থেকে বাদ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি ব্যাখ্যা করেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রথমে সামরিক ফরমানের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। পরে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটিকে পুনরায় সংবিধানের অংশ করা হয়। কিন্তু পঞ্চদশ সংশোধনী বাতিল হলে বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সংশ্লিষ্ট এই গুরুত্বপূর্ণ ব্যবস্থায় শূন্যতা তৈরি হতে পারে।

এ কারণে আদালতের কাছে তিনি প্রস্তাব করেন, সংবিধানের ৯৬ অনুচ্ছেদে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল-সংক্রান্ত সংশোধনী এবং ১০২ অনুচ্ছেদের সংশোধনী বহাল রেখে পঞ্চদশ সংশোধনীর বাকি অংশ অসাংবিধানিক ঘোষণা করা যেতে পারে। এ ছাড়া সংবিধানের ১১৬ অনুচ্ছেদ নিয়ে বর্তমানে আপিল বিভাগে পৃথক মামলা বিচারাধীন থাকায় এ বিষয়ে বর্তমান মামলায় কোনো সিদ্ধান্ত না দেয়ারও অনুরোধ জানান তিনি।

শরীফ ভূঁইয়া বলেন, ৯৬ ও ১০২ অনুচ্ছেদ বহাল রেখে এবং ১১৬ অনুচ্ছেদের বিষয়ে রায় প্রদান থেকে বিরত থাকলে কোনো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে না। আদালত বিষয়টি বিবেচনায় নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, দেশের মানুষ এ মামলার বিষয়ে জানতে আগ্রহী। প্রধান বিচারপতি যেসব বিবেচনায় শুনানির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, ভবিষ্যতে হয়তো আরও আলোচনা ও তথ্য জনসমক্ষে উপস্থাপনের সুযোগ সৃষ্টি হবে বলে জানান এই আইনজীবী।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন