খাগড়াছড়ির রামগড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের লোমহর্ষক ঘটনায় অপরাধী মো. শাহীন (৫৩)কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে খাগড়াছড়ির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়লা শারমিন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ২৫শে জুলাই রামগড় উপজেলার একটি স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের চায়ের দোকানে ডেকে নেয় শাহীন। সেখানে তাকে পাশবিকভাবে ধর্ষণ করা হয়। ঘটনার পর পরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
এদিকে মামলা দ্রুত নিষ্পত্তিতে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী সৃজনী ত্রিপুরা। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনার মাত্র এক বছরের মাথায় এই দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করা হলো। এর মাধ্যমে আমরা সমাজে একটি কঠোর বার্তা দিতে পেরেছি এবং ভুক্তভোগী পরিবারটি কাক্সিক্ষত ন্যায়বিচার পেয়েছে। এদিকে আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছে আসামিপক্ষ। বিবাদী পক্ষের আইনজীবী বেদারুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, তারা এই রায়ে সংক্ষুব্ধ এবং আইনি লড়াই এখানেই শেষ নয়। ন্যায়বিচারের স্বার্থে তারা দ্রুতই উচ্চ আদালতে আপিল দায়ের করবেন।
