ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে ব্রাজিলের ২-১ গোলের পরাজয়ের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ঘটে এক মানবিক ঘটনা। প্রিয় দলের হার মেনে নিতে না পেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ব্রাজিল সমর্থক দুই শিক্ষার্থী। এ সময় প্রতিদ্বন্দ্বী দলের সমর্থক হয়েও তাদের একজনকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেন এক আর্জেন্টিনা সমর্থক সহপাঠী। অসুস্থ শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সহ-সভাপতি মাশরুফা শারমীন এ্যানি এবং সভাপতি কামরুল হাসান তুষার।
প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে দু’জনই সুস্থ রয়েছেন। রোববার রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এলইডি টিভির বড় পর্দায় খেলা দেখছিলেন শিক্ষার্থীরা। ব্রাজিলের পরাজয় নিশ্চিত হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এ্যানি। তার রক্তচাপ কমে যায়, মাথা ঘুরে পড়ে যান এবং পরপর পাঁচবার বমি করেন। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে তার সহপাঠী ও আর্জেন্টিনা সমর্থক নাইমুল ইসলাম মঈন নিজের মোটরসাইকেলে করে দ্রুত তাকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ইনজেকশন, স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন। একই সময়ে অসুস্থ হয়ে পড়েন বিভাগের ব্রাজিল ফ্যান ক্লাবের সভাপতি কামরুল হাসান তুষারও। পরে তাকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেয়া হয় এবং বর্তমানে তিনিও সুস্থ আছেন। ঘটনার বিষয়ে নাইমুল ইসলাম মঈন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসে বড় পর্দায় খেলা দেখছিলাম। নরওয়ে প্রথম গোল করার পরই এ্যানি অসুস্থ হয়ে পড়ে এবং বমি শুরু করে। দ্বিতীয় গোলের পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। তাই সময় নষ্ট না করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।
