শেখ হাসিনা দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

ফন্ট সাইজ:

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। দিবসটি পালন উপলক্ষে সকালে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি বলেন, শেখ হাসিনা ফিরতে অবশ্যই আইনগত কোনো বাধা নেই। তিনি (শেখ হাসিনা) ফিরবেন। ফিরে আত্মসমর্পণ করবেন। আমাদের নরমাল সিআরপিসি’র যে প্রসিডিউর উনি সেটিই ফলো করবেন। বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা বিষয়ে রুমিন ফারহানা বলেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। সে জায়গা থেকে যদি এটা বিরোধী দল গঠন করেন, আমরা সবাই এটাকে স্বাগত জানাই। তারা যদি সঠিকভাবে মন্ত্রণালয় ভিত্তিক তাদের পরিকল্পনা ও বর্তমান মন্ত্রণালয়ের কোথায় কী ভুল হচ্ছে সে বিষয়ে পজিটিভ কোনো ফিডব্যাক দেন, আমার মনে হয় সেটি অফকোর্স ওয়েলকামড।

এ সময় তিনি তার নির্বাচনী এলাকা নিয়ে বলেন, ৬৮ হাজার গ্রামের উন্নয়ন হলে বাংলাদেশের উন্নয়ন হবে। আমার নির্বাচনী এলাকা সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের একাংশ। নির্বাচনী ওয়াদা ছিল সরাইল ও আশুগঞ্জকে মডেল উপজেলা করবো। এখানে স্কুল-কলেজ, হাসপাতালে সমস্যা অনেক। চিকিৎসক, ওষুধ, নিরীক্ষার যন্ত্রপাতির সংকট রয়েছে। ডাক্তার সাহেব জানালেন রক্ত পরীক্ষার যন্ত্রটি পর্যন্ত নেই। এমতাবস্থায় কী করে গ্রামের/এলাকার সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিত করবেন? এসব সমস্যা আমার একার পক্ষে সমাধান সম্ভব নয়। আপনাদের সকলের ও প্রশাসনের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমাদের নতুন সরকারের প্রতিশ্রুতি অনুসারে আগামী পাঁচ বছরে দেশে আমরা ২৫ কোটি গাছ লাগাবো। এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগকে সফল করতে প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদক সমাজ ধ্বংস করে। মাদকের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়া যেমন মেঘনা তিতাস আর ছানামুখীর জন্য বিখ্যাত, তেমনিভাবে টেঁটাযুদ্ধের জন্যও বিখ্যাত। একাধারে তিনদিন টেঁটাযুদ্ধ। এটা মোটেও ভালো খবর নয়। সংসদ অধিবেশন থাকায় আমি আসতে পারিনি। মাদক প্রতিরোধের মতো আপনার সন্তানকে টেঁটা নিয়ে যুদ্ধ করা থেকে বিরত রাখতে হবে। সবার জন্য নিরাপদ সরাইল নিশ্চিত করাই আমার নির্বাচনী ওয়াদা ছিল। তা বাস্তবায়নে কাজ করতে চাই। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। এর আগে দিবসটি পালন উপলক্ষে এমপি’র নেতৃত্বে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন