পার্বত্য বাঙালিদের আয়কর মওকুফ ও বাজার ফান্ডে ব্যাংক ঋণ চালুর দাবিতে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এই তিন পার্বত্য জেলায় বসবাসরত পিছিয়ে পড়া বাঙালিদের জন্য আয়কর মওকুফ এবং বাজার ফান্ড এলাকার জমির বিপরীতে পূর্বের ন্যায় ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। একইসঙ্গে পার্বত্য অঞ্চলে সকল নাগরিকের জন্য সমঅধিকার, বৈষম্য নিরসন এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার সকালে শহরের গ্র্যান্ডভ্যালি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারের প্রস্তাবিত আয়কর অব্যাহতি সুবিধা শুধুমাত্র উপজাতীয় ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ রাখার উদ্যোগ পার্বত্য অঞ্চলের বাঙালি জনগোষ্ঠীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ। তিন পার্বত্য জেলায় দীর্ঘদিন ধরে বসবাসরত প্রায় ৫৪ শতাংশ বাঙালি নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন। শিক্ষা, চাকরি, ব্যবসা-বাণিজ্য, ভূমি ব্যবস্থাপনা ও বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা থেকে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত বলে দাবি করেন তিনি। তাই পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া বাঙালিদেরও আয়কর মওকুফের আওতায় অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

তিনি আরও বলেন, একটি উন্নত, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক পার্বত্য অঞ্চল গড়ে তুলতে সকল নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। জাতিগত পরিচয়ের ভিত্তিতে নয়, বরং সমতার নীতিতে রাষ্ট্রীয় সুবিধা প্রদান করা উচিত বলেও তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে বাজার ফান্ড এলাকার জমির বিপরীতে ব্যাংক ঋণ কার্যক্রম বন্ধ থাকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। নেতৃবৃন্দ বলেন, ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে বাজার ফান্ডভুক্ত জমির বিপরীতে নতুন ঋণ বিতরণ ও পুরনো ঋণ নবায়ন কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে তিন পার্বত্য জেলার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা চরম আর্থিক সংকটে পড়েছেন। ব্যবসা সম্প্রসারণ, নতুন বিনিয়োগ এবং চলমান ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে না পারায় অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।

সংগঠনের নেতারা অভিযোগ করেন, দ্রুত প্রশাসনিক জটিলতা দূর করে পূর্বের নিয়মে বাজার ফান্ড এলাকার জমির বিপরীতে ব্যাংক ঋণ কার্যক্রম পুনরায় চালুর দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের প্রতি পার্বত্য অঞ্চলের সকল নাগরিকের জন্য সমতা, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিরুল আলম, দপ্তর সম্পাদক মো. শাহজালাল, বিশিষ্ট ঠিকাদার মোজাফফর, নুরুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন