লামায় প্রবল বর্ষণে ধসে পড়ছে পাহাড়

ফন্ট সাইজ:

বান্দরবানের লামায় টানা ৪ দিন ভারী বর্ষণের ফলে শহরের চেয়ারম্যান পাড়া এলাকায় পাহাড়ের বিশাল একটি অংশ ভেঙে বসতবাড়ির উপর ধসে পড়ে। পাহাড় ধসের ঘটনাটি ঘটেছে পৌরসভার চেয়ারম্যান পাড়াস্থ সাবেক ইউপি সদস্য শফি উল্ল্যাহর বসতবাড়ির পিছনের অংশে। সোমবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হঠাৎ করেই বিকট শব্দে পাহাড়ের একটি বড় অংশ ভেঙে পড়ে সাবেক মেম্বার এর বসত বাড়িতে। সৌভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও ঘটনাটি পুরো পরিবার এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অব্যাহত ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানির শঙ্কায় ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, পাহাড় ধস কিংবা প্রাকৃতিক দুর্যোগে কোন মানুষেরই যেন প্রাণহানি না হয়, আমরা সেটাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। আপৎকালীন পরিস্থিতির জন্য আমাদের পর্যাপ্ত ত্রাণ মজুত রয়েছে। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন