ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফিরলেন ৫০ নারী-পুরুষ

ফন্ট সাইজ:

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন বাংলাদেশি ৫০ নারী-পুরুষ। গত রোববার রাত ১০টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। এদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ছয়জন নারী। ফেরত আসারা যশোর, নড়াইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, টাঙ্গাইল, চাঁদপুর ও মাদারীপুর জেলার বাসিন্দা। ফেরত আসা ফিরোজ আহমেদ বলেন, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা ২০১৮ সালে সীমান্তপথ দিয়ে অবৈধভাবে ভারতের তামিলনাড়ু গিয়েছিলেন। সেখানে বাসা-বাড়িতে, গার্মেন্টসে এবং ইটভাটায় কাজ করার সময় সেদেশের পুলিশের হাতে আটক হন তারা। পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারও ৩ বছর, কারও ৫ বছর, কারও ৭ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা দায়িত্ব নিয়ে তাদের শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, ভারত ফেরত ৫০ নারী-পুরুষকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে দুটি মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ২৫ জন এবং রাইটস যশোর ২৫ জনকে গ্রহণ করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করবে। জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের শেল্টার হোমে রাখা হয়েছে। সোমবার তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন