মেহেরপুরের গাংনীতে ‘জামালগোটা (বুনো ফল) খেয়ে ১৪ জন শিশু অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে পেট ব্যথা ও বমির উপসর্গ দেখা দেয়ায় ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেনÑ কাফি (১২), মোস্তাকিন (১২), হালিমা (৯), আমেনা (৩), হালিমা (৯), রক্তিমা (১১), রিয়াদ (১১), ফুয়াদ (১২) ফেরদৌস (১০) ও মোস্তাকিম (৯)। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। গত রোববার বিকালে গাংনী উপজেলার সহড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রোববার বিকালে সহড়াবাড়িয়া গ্রামের বেশ কয়েকজন শিশু একসঙ্গে ফুটবল খেলতে বের হয়। খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়কের পাশে একটি গাছে থোকায় থোকায় ফল দেখতে পায় তারা।
এ সময় ওই ফল কয়েকটি করে তারা খেয়ে ফেলে। ফল খাওয়ার পর সন্ধ্যার দিকে একে একে শিশুদের তীব্র পেট ব্যথা ও বমি শুরু হয়। এতে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাদের রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অসুস্থ শিশু রিয়াদের বাবা আব্দুর রশিদ বলেন, শিশুরা না বুঝে কৌতূহলবশত এই ফল খেয়েছে। মেহেরপুর জেলা বন বিভাগের তথ্য অনুযায়ী, জামালগোটা একটি পরিচিত ভেষজ উদ্ভিদ হলেও এর বীজ ও ফলে শক্তিশালী বিষাক্ত উপাদান আছে। সাধারণত সড়কের পাশে এ গাছ জন্মায় এবং অনেকেই জমির বেড়া হিসেবেও এটি ব্যবহার করে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক উমর ফারুক বলেন, শিশুদের সময়মতো হাসপাতালে আনার কারণে বড় ধরনের ঝুঁকি এড়ানো গেছে। বর্তমানে তারা সবাই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
