বাংলা বাউল ও লোকসংগীতের সমৃদ্ধ ঐতিহ্য, সুর, ভাবধারা ও জীবনদর্শনকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার লক্ষ্যে আগামী ১৮ ও ১৯শে জুলাই লন্ডনের টাওয়ার হেমলেটস টাউন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক বাউল ও লোকসংগীত উৎসব-২০২৬’। এই আন্তর্জাতিক উৎসবে অংশ নিতে বাংলাদেশ থেকে লন্ডনে যাচ্ছেন এই প্রজন্মের লোকসংগীত শিল্পী ডলি মণ্ডল। দুইদিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবের বিভিন্ন পর্বে তিনি অংশগ্রহণ করবেন। সংগীত পরিবেশনার মাধ্যমে তিনি বাংলা লোক ও বাউল গানের মাটির সুর, আধ্যাত্মিক ভাবধারা, মানবিক দর্শন এবং লোকজ ঐতিহ্যের স্বতন্ত্র সৌন্দর্য আন্তর্জাতিক দর্শকদের সামনে তুলে ধরবেন। উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে বাউল ও ফোক সংগীত ওয়ার্কশপ।
এই কর্মশালায় শিল্পী ডলি মণ্ডল একজন প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করবেন। সেখানে তিনি সংগীতপ্রেমী প্রবাসী শিল্পী ও অংশগ্রহণকারীদের লোক ও বাউল গানের বাণী, সুর, ছন্দ, পরিবেশন রীতি এবং ঐতিহ্য সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করবেন। লন্ডনে অনুষ্ঠিতব্য এই উৎসবে ডলি মণ্ডলের অংশগ্রহণ শুধু একজন শিল্পীর আন্তর্জাতিক মঞ্চে উপস্থিতিই নয়, এটি বাংলাদেশের বাউল ও লোকসংগীতকে বিশ্বপরিসরে আরও পরিচিত করার একটি তাৎপর্যপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগ। ডলি মণ্ডল বলেন, এটা লোকগানকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার একটি বড় সুযোগ। আশা করছি, খুব সুন্দর একটি আয়োজন অনুুষ্ঠিত হবে।
