প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।
সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া। এ সময় তিনি সৌদি যুবরাজের পাঠানো একটি চিঠি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
চিঠিতে সৌদি যুবরাজ জানান, তিনি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, সৌদি আরবের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভ্রাতৃসুলভ মনোভাব দুই দেশের সম্পর্কের গভীরতার প্রতিফলন। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে সৌদি যুবরাজকে আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।
সাক্ষাতে রাষ্ট্রদূত আরও জানান, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদও শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।
এ সময় রাষ্ট্রদূত সৌদি সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণটি গ্রহণ করেন।
এছাড়া আগামী সপ্তাহে সৌদি আরবের একটি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা করতে ঢাকা সফর করবে বলে জানান রাষ্ট্রদূত।
সাক্ষাতে বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগের আগ্রহ নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী সরকারের বিনিয়োগবান্ধব বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে আশা প্রকাশ করেন, বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
কূটনৈতিক রিপোর্টার
অনলাইন
৩ ঘন্টা আগে
৬ জুলাই (সোমবার), ২০২৬, ৩ঃ০৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
