আপিল বিভাগে বুঝিয়ে দেয়া হলো ক্ষতিপূরণের বাকি ১৫ লাখ টাকা

শিশুশ্রমের শিকার নাঈমের আইনি লড়াইয়ের অবসান

আপিল বিভাগে বুঝিয়ে দেয়া হলো ক্ষতিপূরণের বাকি ১৫ লাখ টাকা

ফন্ট সাইজ:

শিশুশ্রমের নির্মম পরিণতির শিকার নাঈম হাসান নাহিদের ছয় বছরের আইনি লড়াইয়ের অবসান হয়েছে। ওয়ার্কশপে কাজ করতে গিয়ে ডান হাত হারানো এই শিশুর জন্য নির্ধারিত ৩০ লাখ টাকা ক্ষতিপূরণের পুরো অর্থ পরিশোধ সম্পন্ন হয়েছে। আগে দুই ধাপে ১৫ লাখ টাকা দেয়া হলেও সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে অবশিষ্ট ১৫ লাখ টাকার পে-অর্ডার জমা দেন ওয়ার্কশপের মালিক।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে ক্ষতিপূরণের বাকি অর্থ বুঝিয়ে দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাঈমের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক।

তিনি জানান, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নাঈমের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত প্রতি মাসে ৭ হাজার টাকা করে তার পড়াশোনার খরচ দিতে হবে। ওই নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি তদারকির জন্য মামলাটি আপাতত মুলতবি রাখা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের বাসিন্দা নাঈমের পরিবার কর্মসূত্রে কিশোরগঞ্জের ভৈরবে বসবাস করছিল। করোনাকালে নাঈমের বাবা নিয়ামুল হোসেন আনোয়ার কর্মহীন হয়ে পড়লে অভাবের কারণে মাত্র ১০ বছর বয়সে তাকে স্থানীয় একটি ওয়ার্কশপে কাজে পাঠানো হয়।

২০২০ সালের ২৮ সেপ্টেম্বর কাজ করার সময় ড্রিল মেশিনে নাঈমের ডান হাত আটকে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা তার জীবন বাঁচাতে কনুই থেকে ডান হাত কেটে ফেলতে বাধ্য হন।

ঘটনার পর একই বছরের ডিসেম্বরে নাঈমের বাবা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে ২০২০ সালের ২৭ ডিসেম্বর হাইকোর্ট রুল জারি করেন। পরে চূড়ান্ত শুনানি শেষে আদালত নাঈমের নামে ১৫ লাখ টাকা করে ১০ বছর মেয়াদি দুটি স্থায়ী আমানত (এফডিআর) করার নির্দেশ দেন। পাশাপাশি তার শিক্ষা ব্যয় নির্বাহে প্রতি মাসে ৭ হাজার টাকা করে ব্যাংক হিসাবে জমা দেয়ারও নির্দেশ দেয়া হয়।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ওয়ার্কশপের মালিক ইকবাল হোসেন ইয়াকুব লিভ টু আপিল করলেও আপিল বিভাগ তা খারিজ করে দেন। ফলে হাইকোর্টের দেওয়া ক্ষতিপূরণের আদেশ বহাল থাকে। সর্বশেষ অবশিষ্ট ১৫ লাখ টাকা পরিশোধের মাধ্যমে আদালতের নির্দেশ বাস্তবায়নের গুরুত্বপূর্ণ একটি ধাপ সম্পন্ন হলো।

আবিদ রাহমান

১ ঘন্টা আগে

মানবতা এখনো কোর্টে বেঁচে আছে!

মন্তব্য করুন