মেসির স্ত্রীকে কি উপহার দিলেন রোনালদোর হবু স্ত্রী?

মেসির স্ত্রীকে কি উপহার দিলেন রোনালদোর হবু স্ত্রী?

ফন্ট সাইজ:

মাঠের লড়াইয়ে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে দীর্ঘ দুই দশকের তীব্র প্রতিদ্বন্দ্বিতা। তা সত্ত্বেও তাদের স্ত্রী ও হবু স্ত্রীর মধ্যে গড়ে উঠেছে এক চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। চলমান ফুটবল বিশ্বকাপের মাঠের তুমুল উত্তেজনার মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই তারকার স্ত্রী ও প্রণয়ীর মধ্যে উপহার বিনিময়ের এক বিরল নজির দেখা গিয়েছে।

এ খবর দিয়েছে ব্রাজিলের অনলাইন গ্লোবো। ক্রিশ্চিয়ানো রোনালদোর হবু স্ত্রী জর্জিনা রদ্রিগেজ তার নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড ‘মিমোয়া’ থেকে একটি বিশেষ উপহারের বক্স পাঠিয়েছেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে। রোববার এই উপহারের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে জর্জিনাকে ধন্যবাদ জানিয়েছেন আন্তোনেলা। উপহারের বাক্সটির ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ জর্জিনা।

সবকিছু ভীষণ সুন্দর হয়েছে। আমি তোমার জীবনের সবরকম সাফল্য কামনা করি।’ উপহারের বক্সটিতে ছিলো একটি গোলাপি রঙের এক্সারসাইজ ম্যাট, একটি কালো স্পোর্টস টপ, একটি কালো অ্যাক্টিভওয়্যার পোশাক এবং একটি শুভেচ্ছা কার্ড সহ আরো অনেক কিছু। বাক্সটির সাথে জর্জিনার লেখা একটি বিশেষ চিঠিও ছিল। তাতে লেখা তার ব্র্যান্ডের এই পণ্যগুলো ‘সেইসব নারীদের জন্য যারা একে অপরের সাথে প্রতিযোগিতা করা বন্ধ করে দিয়েছে এবং বুঝতে পেরেছে যে শক্তির মধ্যেও এক ধরণের কোমলতা থাকতে পারে।’ এই উপহার আদান-প্রদানের বিষয়টি এমন এক সময়ে সামনে এলো যখন দুজনেই তাদের স্বামী বা হবু স্বামীর নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের অপেক্ষায় আছেন। আজ সোমবারই শেষ ষোলোর লড়াইয়ে স্পেনের মুখোমুখি হচ্ছে রোনালদোর পর্তুগাল। অন্যদিকে আগামীকাল মঙ্গলবার মিশরের বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। মাঠের এই চরম স্নায়ুযুদ্ধের আবহে দুই মহাতারকাদের ঘরের রানীর এমন আন্তরিকতা বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মন জয় করে নিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন