কি আছে ফিফার ডিসিপ্লিনারি কোডের ২৭ অনুচ্ছেদে!

কি আছে ফিফার ডিসিপ্লিনারি কোডের ২৭ অনুচ্ছেদে!

ফন্ট সাইজ:

ফিফার ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ ব্যাপকভাবে আলোচনায় এসেছে। এর আওতায় এক ম্যাচে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের শাস্তি প্রত্যাহার করা হয়েছে। ফলে স্থানীয় সময় সোমবার (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৬টা) বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেন। আগের ম্যাচে লাল কার্ড দেখায় তার ওপর স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ হয়েছিল। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পুনর্বিবেচনার জন্য কথা বলেন ফিফা সভাপতি ইনফান্তিনোর সঙ্গে। ফলে ২৭ অনুচ্ছেদের উদ্ধৃতি তুলে ধরে ফিফা বালোগানের বিরুদ্ধে ওই শাস্তি স্থগিত করে। এ নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে বিশ্বজুড়ে। কি আচে ফিফার ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদে তার মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো-
২৭ নম্বর অনুচ্ছেদ ফিফাকে কোনো শৃঙ্খলামূলক শাস্তির কার্যকারিতা সাময়িকভাবে স্থগিত রাখার ক্ষমতা দেয়।

এতে শাস্তি বাতিল হয় না, বরং তা বহাল থাকে। তবে স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় সেটি সঙ্গে সঙ্গে ভোগ করতে হয় না, যদি না পরে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এই অনুচ্ছেদের আওতায় ফিফার বিচারিক সংস্থাগুলো কোনো শাস্তির সম্পূর্ণ বা আংশিক কার্যকারিতা স্থগিত রাখতে পারে। তবে কোন পরিস্থিতিতে কোনো শাস্তি স্থগিত করা যাবে, সে বিষয়ে ডিসিপ্লিনারি কোডে নির্দিষ্ট কোনো মানদণ্ড উল্লেখ নেই। ফিফার বিচারিক সংস্থার মধ্যে রয়েছে ডিসিপ্লিনারি কমিটি এবং আপিল কমিটি। যার শাস্তি স্থগিত করা হয়, তাকে এক থেকে চার বছরের পরীক্ষামূলক (প্রবেশন) সময়ের মধ্যে রাখা হয়। এই পরীক্ষামূলক সময়ের মধ্যে খেলোয়াড় একই ধরনের আরেকটি অপরাধ করলে, স্থগিত রাখা আগের শাস্তি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। পাশাপাশি নতুন অপরাধের জন্য নির্ধারিত শাস্তিও বহাল থাকবে। বালোগানের ক্ষেত্রে তার এক ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। ম্যাচ পাতানোর (ম্যাচ ম্যানিপুলেশন) সঙ্গে সম্পর্কিত শাস্তি ছাড়া অন্য সব ধরনের শৃঙ্খলামূলক শাস্তির ক্ষেত্রে এই অনুচ্ছেদ প্রয়োগ করা যেতে পারে।

ফিফার ডিসিপ্লিনারি কমিটি একজন চেয়ারম্যান, একজন ডেপুটি চেয়ারম্যান এবং আরও কয়েকজন সদস্য নিয়ে গঠিত। চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানের অবশ্যই আইন বিষয়ে যোগ্যতা থাকতে হবে। কমিটি কমপক্ষে তিনজন সদস্যের উপস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ আল কামালি ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। কমিটির সদস্যরা ফিফা কংগ্রেস থেকে নির্বাচিত হন। তাদের মেয়াদ চার বছর এবং একজন সদস্য সর্বোচ্চ তিনটি মেয়াদ দায়িত্ব পালন করতে পারেন। ২০১৯ সালে ডিসিপ্লিনারি কোড হালনাগাদ হওয়ার সময় এই বিধানটি ২৬ নম্বর অনুচ্ছেদ ছিল। ২০২৩ সালে এটি ২৭ নম্বর অনুচ্ছেদে রূপান্তরিত হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন