বিশ্বকাপে রূপকথার মতো এক যাত্রা শেষে দেশে ফিরে হাজারো সমর্থকের কাছ থেকে বীরের সংবর্ধনা পেয়েছে কেপ ভার্দের জাতীয় ফুটবল দল। শেষ ষোলো (রাউন্ড অব ৩২) পর্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে অতিরিক্ত সময়ের লড়াইয়ে ৩-২ গোলে হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়। রোববার দলটি রাজধানী প্রাইয়া বিমানবন্দরে পৌঁছালে শত শত সমর্থক জাতীয় পতাকা উড়িয়ে খেলোয়াড়দের স্বাগত জানান। পরে খোলা ছাদের একটি ট্রাকে করে দলটি কেব্রা কানেলা সৈকতের উদ্দেশে রওনা হলে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ করতালি ও উল্লাসে তাদের অভিনন্দন জানান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
৫ জুলাই কেপ ভার্দের স্বাধীনতা দিবস হওয়ায় পুরো শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। ব্লু শার্কস নামে পরিচিত জাতীয় দল এবং তাদের ক্যারিশম্যাটিক কোচ বুবিস্তা একটি মঞ্চে প্রাণবন্ত সঙ্গীতের তালে নাচে-গানে অংশ নেন। মঞ্চের সামনে বড় অক্ষরে লেখা ছিল, ‘ওব্রিগাদো! কাবো ভার্দে’ (ধন্যবাদ! কেপ ভার্দে)।
দলের গোলরক্ষক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় তারকা ভোজিনিয়া মাইক্রোফোন হাতে দর্শকদের উদ্দেশে বলেন, ‘কেমন আছো, প্রাইয়া!’ তার এই আহ্বানে উপস্থিত হাজারো সমর্থক উল্লাসে ফেটে পড়েন।
পশ্চিম আফ্রিকার উপকূলের কাছে অবস্থিত ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত কেপ ভার্দের জনসংখ্যা প্রায় পাঁচ লাখ। দেশটি এই শতাব্দীর শুরু পর্যন্ত কখনও বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেয়নি। এবারের বিশ্বকাপে অংশ নেয়ার আগে ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ছিল ৬৭তম। বিশ্বকাপে তারা ফুটবল বিশ্বকে চমকে দেয়। উদ্বোধনী পর্বে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে ড্র করতে বাধ্য করে এবং বিশ্বকাপের নকআউট পর্বে ওঠা ইতিহাসের সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নতুন নজির গড়ে।
গত শুক্রবার মায়ামিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নির্ভীক ও দুর্দান্ত লড়াই করে তারা বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করে নেয়। অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো রোমাঞ্চকর সেই ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ গোলে হারলেও তাদের পারফরম্যান্স ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
