মির্জাগঞ্জে ব্যবসায়ীকে মারধরের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

মির্জাগঞ্জে ব্যবসায়ীকে মারধরের অভিযোগে বিএনপি নেতাকে শোকজ

ফন্ট সাইজ:

মির্জাগঞ্জে ফল ব্যবসায়ীকে মারধরের অভিযোগে জয়নাল আবেদীন সুজন সিকদার নামে এক বিএনপি নেতাকে শোকজ করেছে জেলা বিএনপি। গত সোমবার রাতে জেলা বিএনপি’র সাধারণ এড. মজিবুর রহমান টোটন এ নোটিশ প্রদান করেন এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই নেতাকে লিখিত জবাব দেয়ার জন্য বলা হয়। সুজন সিকদার উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক। জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার সুবিদখালী বাজারে নির্মল নামে এক ফল ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল সুজন সিকদার। রোববার সন্ধ্যার দিকে বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় আবার চাঁদা দাবি করেন। ব্যবসায়ী চাঁদা দিতে অপারগতা জানালে সুজন সিকদার এবং তার সঙ্গে থাকা আব্বাস সিকদার ও ইব্রাহীমসহ ৭-৮ জন লোক তাকে মারধর করে আহত করে।
পটুয়াখালী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. মজিবুর রহমান বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের সন্তোষজনক জবাব না দিতে পারলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সুজন সিকদার বলেন, চাঁদা চাওয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। নির্মল দাসের ছেলে ঋত্বিক দাস মাদক সেবনসহ মাদকসেবীদের সঙ্গে চলাফেরা করে, তার ছেলেকে মাদকসেবীদের সঙ্গ ত্যাগ করতে বলায় তিনি ছেলেকে নিরাপদে রাখতে আমার বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ করেছেন। তাকে কোনো মারধর করা হয়নি, কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে নোটিশের জবাব দেয়া হবে। উল্লেখ্য, ঘটনার দিন রাতেই এ বিষয়ে সুজন সিকদারের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন