মিয়ানমার থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ (রোববার) শেষ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি। সম্প্রতি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে লাগোয়া মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মিকে লক্ষ্য করে হামলা জোরাদার করেছে দেশটির সেনাবাহিনী। এতে মিয়ানমার থেকে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে।
যদিও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকা এ বিষয়ে নজরদারি আরও বৃদ্ধি করেছে। ডা. খলিলুর রহমানের ভাষ্য, সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি। আমরা সীমান্তে নজরদারি বাড়িয়েছি। বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসা নেয়ার বিষয়ে গণমাধ্যমে প্রচারিত খবরের বিষয়েও পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়। জবাবে তিনি এ বিষয়ে তার কাছে কোনো তথ্য না থাকার কথা জানিয়েছেন। খলিলুর রহমান বলেন, আরাকান আর্মি প্রধানের চিকিৎসা নেয়ার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।
