‘জোটগত সিদ্ধান্ত অমান্য করে আব্দুল মান্নান পরিকল্পিত নাটক করছেন’

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের ১১ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল বলেছেন, আব্দুল মান্নান জোটগত সিদ্ধান্ত অমান্য করে পরিকল্পিত নাটক সাজিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তবে মৌলভীবাজার ও রাজনগরের মানুষ ইতিমধ্যেই এই নাটক প্রত্যাখ্যান করেছে। গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলার কালারবাজার, চাঁদনীঘাট ও জগন্নাথপুর এলাকায় একাধিক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
মাওলানা আহমদ বিলাল বলেন, এই আসনে ১১ দলীয় জোটের একমাত্র প্রার্থী আমি। এটা জোটের সর্বসম্মত ও চূড়ান্ত সিদ্ধান্ত। অথচ আব্দুল মান্নান সেই সিদ্ধান্ত মানেননি। জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব তাকে স্পষ্টভাবে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল। কিন্তু তিনি তা অমান্য করেছেন। তিনি বলেন, যদি আব্দুল মান্নান সত্যিই জোটের প্রার্থী হতেন বা তার দল তাকে সমর্থন করতো, তাহলে মৌলভীবাজার-১ ও মৌলভীবাজার-২ আসনের প্রার্থীদের মতো তাকেও কুলাউড়ার সমাবেশে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান জনসভায় পরিচয় করিয়ে দিতেন। বাস্তবতা হলোÑ ডা. শফিকুর রহমানের জনসভার মঞ্চেই তাকে উঠতে দেয়া হয়নি। আব্দুল মান্নানের ভূমিকার কঠোর সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন। অথচ তাদেরই একজন প্রার্থী কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে নাটক করছেন এটা দুঃখজনক ও লজ্জাজনক। এমনকি জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দও বলেছেন, তিনি তো বাইরে বের হচ্ছেন না।
আব্দুল মান্নানকে উদ্দেশ্য করে মাওলানা আহমদ বিলাল বলেন, আপনি যদি জামায়াতের আদর্শে বিশ্বাস করেন, তাহলে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে প্রকাশ্যে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিন। টুপি-পাঞ্জাবি পরে মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন। আর কতো মিথ্যা বলবেন? তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়Ñ মৌলভীবাজারের মানুষ সবসময় সচেতন। যারা নিজ জোটের সঙ্গে বেঈমানি করে মানুষ তাদের বয়কট করে। এবারো ইনশাআল্লাহ তাই হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি দেয়ালঘড়ি মার্কায় ভোট দিয়ে জনগণ তার প্রমাণ দেবে। নিজের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, মৌলভীবাজার জেলা শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে আছে। অবকাঠামোগত উন্নয়ন থমকে আছে। বহু গ্রামীণ রাস্তা এখনো কাঁচা, স্বাস্থ্য খাতে দুর্নীতি চলছেÑএসব থেকে উত্তরণ জরুরি।