অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি: আনিসুল ইসলাম মাহমুদ

ফন্ট সাইজ:

দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংঘাত, প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে সংলাপ, সহনশীলতা এবং অংশগ্রহণমূলক রাজনীতির পরিবেশ গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার যে আহ্বান জানিয়েছেন, তা একটি ইতিবাচক বার্তা। দেশের বৃহত্তর স্বার্থে সব রাজনৈতিক দলকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে আসতে হবে। নির্বাচন ও রাষ্ট্র পরিচালনার প্রশ্নে কোনো রাজনৈতিক শক্তিকে অযথা বাইরে রেখে নয়, বরং সকলের অংশগ্রহণ নিশ্চিত করেই একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।

রোববার রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এসময় মহাসচিব বীরমুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি সব সময় গণতন্ত্র, সাংবিধানিক ধারাবাহিকতা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির পক্ষে অবস্থান নিয়েছে। দেশের মানুষ এখন সংঘাত নয়, কার্যকর গণতন্ত্র, সুশাসন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জনকল্যাণমুখী রাজনীতি দেখতে চায়। জাতীয় পার্টি সেই প্রত্যাশা পূরণে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালন করে যাবে।

আগামী ১৪ই জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার আহ্বান জানিয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি জেলা, মহানগর, উপজেলা ও সকল সাংগঠনিক ইউনিটকে ব্যাপক কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে এরশাদের মৃত্যুবার্ষিকী পালন করা হবে।

প্রেসিডিয়াম সভায় আরো বক্তব্য রাখেন, নির্বাহী চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো- চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কাজী ফিরোজ রশীদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, মোস্তফা আল মাহমুদ, চেয়ারম্যানের বিশেষ সহকারী নাসরিন জাহান রতনা, প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, চেয়ারম্যানে আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য মো. জসিম উদ্দিন ভূইয়া প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন