মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শিগগির বৈঠক হতে যাচ্ছে। শুক্রবার দুই নেতা ফোনালাপে এই বিষয়ে সম্মত হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
এদিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের স্বাধীনতা নিশ্চিত করে এবং ইসরাইল এই দুই দেশের মধ্যকার দৃঢ বন্ধনকে অত্যন্ত মূল্যায়ন করে।
তবে দুই নেতার মধ্যে আসন্ন বৈঠকের বিষয়বস্তু কী হতে যাচ্ছে- তা নিয়ে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।
ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক নিয়ে বেজায় নাখোশ বেনিয়ামিন। এমন পরিস্থিতির মধ্যে ট্রাম্পের সঙ্গে দেখা করছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।
ইসরাইলের শঙ্কা, এই সমঝোতা দেশটির নিরাপত্তার জন্য ক্ষতিকর। দেশটি ইরানের বর্তমান শাসনব্যবস্থাকে যেকোনোভাবে উৎখাত করতে চায়।
সম্প্রতি নতুন কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, ট্রাম্প ইরানের সঙ্গে পুরো মাত্রার যুদ্ধ ফের শুরু করার সিদ্ধান্ত বিবেচনা করছেন।
কয়েক সপ্তাহব্যাপী আলোচনার পর গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের মাধ্যমে নতুন করে আরও ৬০ দিনের যুদ্ধবিরতি বৃদ্ধি করে।
ইসরাইল এই চুক্তির অংশে ছিল না তবে দেশটিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্থগিত করতে হয়েছে।
