বলিউড তারকা আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ে আজ

বলিউড তারকা আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ে আজ

ফন্ট সাইজ:

বলিউড অভিনেতা আমির খান বিয়ে করছেন আজ। পাত্রী গৌরী স্প্র্যাট। আজ মুম্বইয়ের বান্দ্রায় অভিনেতার নিজ বাসভবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা। দু’জনের পরিচয় প্রায় ২৫ বছরের হলেও তারা প্রেমের সম্পর্কে জড়ান মাত্র দুই বছর আগে। ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমির খান প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে গৌরী স্প্র্যাটকে পরিচয় করিয়ে দেন এবং তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। গত ৩রা জুন বিভিন্ন সূত্র জানিয়েছিল, আমির ও গৌরী বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। পরদিন ৬১ বছর বয়সী এই অভিনেতা নিজেই খবরটি নিশ্চিত করেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
বিয়ের অনুষ্ঠানটি হবে একান্ত পারিবারিক পরিবেশে বান্দ্রায় আমির খানের বাসভবনে। অতিথি তালিকায় রয়েছেন প্রায় ১৫০ জন। তাদের মধ্যে বিদেশ থেকে আসা বেশ কয়েকজন আত্মীয়ও থাকবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে আমির খানের তিন সন্তান জুনায়েদ খান, ইরা খান ও আজাদ রাও খানের। গৌরী স্প্র্যাটের আগের সংসারের ছয় বছর বয়সী ছেলেও অনুষ্ঠানে উপস্থিত থাকবে। তবে সে সবসময়ই গণমাধ্যমের আলোচনার বাইরে থেকেছে।

আমির খানের আগের দুটি বিয়ে
এর আগে আমির খান দু’বার বিয়ে করেছেন। ১৯৮৬ সালে তিনি শৈশবের বন্ধু রিনা দত্তকে গোপন ও ছোট পরিসরের এক অনুষ্ঠানে বিয়ে করেন। তাদের সংসারে ছেলে জুনায়েদ এবং মেয়ে ইরার জন্ম হয়। জুনায়েদ ইতিমধ্যে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছেন। অন্যদিকে ইরা মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করেন। ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে আমির ও রিনা বিচ্ছেদ ঘটান। এরপর ২০০৫ সালে আমির বিয়ে করেন কিরণ রাওকে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লগান’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় তাদের পরিচয় হয়। সে সময় কিরণ ছিলেন ছবিটির সহকারী পরিচালক। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও ছেলে আজাদের যৌথ অভিভাবকত্ব এখনো দু’জনই পালন করছেন। গর্ভ ভাড়া নেয়ার মাধ্যমে তাদের ছেলে আজাদের জন্ম হয়েছে।

কে এই গৌরী স্প্র্যাট?
গৌরী স্প্র্যাট মূলত ব্যাঙ্গালোরের বাসিন্দা এবং জীবনের বেশির ভাগ সময় সেখানেই কাটিয়েছেন। তিনি রিটা স্প্র্যাটের মেয়ে। রিটার ব্যাঙ্গালোরেতে একটি বিউটি স্যালুন ছিল। গৌরীর লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন। পরে ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস, লন্ডন থেকে এফডিএ স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফি বিষয়ে একটি ফ্যাশন কোর্স সম্পন্ন করেন। একই প্রোফাইল অনুযায়ী, বর্তমানে তিনি মুম্বইয়ে বিবিলান্ট স্যালুনের একটি শাখা পরিচালনা করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন