র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

ফন্ট সাইজ:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ৫৪তম ব্যাচের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, গত ৩ জুলাই দিবাগত রাত ১১টা থেকে ২টা পর্যন্ত ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে র‍্যাগিং করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৫(ঙ) ধারায় বর্ণিত ‘বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে কোনো জায়গায় টিজ, র‍্যাগিং, নির্যাতনমূলক কাজে অংশগ্রহণ করা যাবে না ' লঙ্ঘন করার অভিযোগে এবং “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮”-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন-সুভাশীষ রায় প্রান্ত, নাছিম উদ্দিন মজুমদার, মো. আবু আবতাহী অনিক, নাঈমুল হাসান, আব্দুল্লাহ মাহদী, ইসফাক হাদী, মো. রায়হান খান, কাজী শাহ জামসেদ আলম নাবিল, সাইফুল্লাহ মানসুর আনান, মো. মাহফুজুর রহমান অন্ত, কার্তিক চন্দ্র রায় এবং নাঈম আহমেদ সজিব।

উল্লেখ্য, গত ৩ জুলাই দিবাগত রাতে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের ১৩ জন নবীন শিক্ষার্থীকে ‘ম্যানার’ শেখানোর কথা বলে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেকে নিয়ে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে একই বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযোগের পর প্রক্টরিয়াল টিম অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। পরে ভুক্তভোগীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন এবং অভিযুক্তরাও লিখিতভাবে র‍্যাগিংয়ের বিষয়টি স্বীকার করেন।

Kazi

১ ঘন্টা আগে

র‍্যাগিং মানেই অসভ্য আচরণ। বিশ্বের কোথাও এই প্রথা নাই। বাংলাদেশে এটি কবে, কে চালু করেছিল?
এই অসভ্য প্রথা চিরতরে বন্ধ করা হোক।
কেউ র‍্যাগিংয়ে জড়িত হলে স্থায়ী ভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার আবেদন জানাই।

মন্তব্য করুন