পাকিস্তানিরা ঘরে বসেই পাবেন পাসপোর্ট

চালু হয়েছে হোম ডেলিভারি সার্ভিস

পাকিস্তানিরা ঘরে বসেই পাবেন পাসপোর্ট

ফন্ট সাইজ:

পাকিস্তানে পাসপোর্টের হোম ডেলিভারি সেবা চালু হয়েছে। ফলে পাকিস্তানের জনগণ আবেদন করার পর ঘরে বসেই হাতে পাবেন পাসপোর্ট। এর জন্য সরকার লজিস্টিকস ও কুরিয়ার প্রতিষ্ঠান টিসিএসের সঙ্গে অংশীদারিত্বে ‘পাসপোর্ট আপকি দেহলিজ পার’ নামে হোম ডেলিভারি সেবা চালু করেছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিরেক্টরেট জেনারেল অব ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টস (ডিজিআইপি)। এ খবর দিয়েছে অনলাইন ডন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সেবার মাধ্যমে নাগরিকরা তাদের পছন্দের ঠিকানায় পাসপোর্ট গ্রহণ করতে পারবেন।

এটি নাগরিকদের জন্য সরকারি সেবা আরও সহজ ও সুবিধাজনক করা এবং জনসেবা ব্যবস্থাকে আধুনিকায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ডিজিআইপির সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। টিসিএসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান রাজা লেঘারি ডিজিটাল সুশাসন ও নাগরিককেন্দ্রিক সেবায় প্রতিষ্ঠানটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নাগরিকদের দোরগোড়ায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সেবা পৌঁছে দিতে ডিজিআইপির অংশীদার হতে পেরে টিসিএস গর্বিত।

তিনি আরও বলেন, পাসপোর্ট অত্যন্ত গোপনীয় ও গুরুত্বপূর্ণ একটি নথি। আমাদের দেশব্যাপী লজিস্টিকস নেটওয়ার্ক এবং সেবার মান কাজে লাগিয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে প্রতিটি পাসপোর্ট নিরাপদে, সুরক্ষিতভাবে এবং নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ব্যক্তির হাতে পৌঁছে দেয়া হবে।

বৈঠকে পাসপোর্টসেবা আধুনিকায়ন, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং নাগরিকদের সামগ্রিক সেবার অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে আরও বিস্তৃত সহযোগিতামূলক উদ্যোগ পর্যালোচনা করা হয়। এ ছাড়া ডিজিআইপির আনুষ্ঠানিক লজিস্টিকস অংশীদার হিসেবে টিসিএসের ভূমিকা এবং সারা দেশে নিরাপদ ও সময়মতো পাসপোর্ট পৌঁছে দেয়ার জন্য গৃহীত বিভিন্ন ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। ডিজিআইপির মহাপরিচালক মুহাম্মদ আলী রন্ধাওয়া বলেন, এই উদ্যোগ পাসপোর্টসেবা আরও সহজলভ্য ও কার্যকর করার ক্ষেত্রে বিভাগের অঙ্গীকারের প্রতিফলন। তিনি বলেন, আবেদনকারীদের বাড়িতে সরাসরি পাসপোর্ট পৌঁছে দিয়ে আমরা পাসপোর্ট অফিসে অপ্রয়োজনীয় যাতায়াত কমিয়ে আনছি। একই সঙ্গে নিরাপদ ও নির্বিঘ্নভাবে পাসপোর্ট গ্রহণের ব্যবস্থাও নিশ্চিত করছি। উল্লেখ্য, এর আগে মে মাসে ডিজিআইপি দেশজুড়ে পাসপোর্টের হোম ডেলিভারি সেবা চালু এবং আবেদনকারীদের সহায়তার জন্য একটি চ্যাটবট চালুর পরিকল্পনার কথা জানিয়েছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন