যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে প্রকৃত অংশীদারিত্বে উন্নীত করার আহ্বান বিরোধীদলীয় নেতার

ফন্ট সাইজ:

বাংলাদেশ জাতীয় সংসদের ‘ককাস অব আমেরিকা’ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের যৌথ উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে সাধারণ বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমর্থনের ভিত্তিতে একটি প্রকৃত অংশীদারিত্বে উন্নীত করার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মো. ওসমান ফারুক, এমপি। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘ককাস অব আমেরিকা’র কার্যনির্বাহী কমিটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুজন প্রতিনিধি রয়েছেন। তারা হলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান), এমপি এবং মিস. মারদিয়া মমতাজ, এমপি। তিনি বলেন, এই ককাসে তাদের অংশগ্রহণ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে গঠনমূলক সংসদীয় কূটনীতি পরিচালনা এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণ ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে জামায়াতে ইসলামীর ধারাবাহিক প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ।
তিনি জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে বিরোধী দলের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদের প্রতি পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে সাধারণ বন্ধুত্ব থেকে বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমর্থনের ভিত্তিতে একটি প্রকৃত অংশীদারিত্বে রূপান্তর করা প্রয়োজন। একই সঙ্গে কক্সবাজার ও ভাসানচরে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবদানের জন্য তিনি মার্কিন সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টা, যার মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিও অন্তর্ভুক্ত, তা তিনি স্বাগত জানান। পাশাপাশি ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি ‘ককাস অব আমেরিকা’র কার্যক্রমের প্রশংসা করে বলেন, সংসদীয় কূটনীতির মূল দায়িত্ব হলো শরণার্থী পরিবার, বন্যাদুর্গত এলাকা এবং কণ্ঠহীন মেহনতি মানুষের মতো সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করা।
ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় সংসদের বিরোধী দলের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন