ফের ডানা মেলেছে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট

ফের ডানা মেলেছে সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট

ফন্ট সাইজ:

সিলেট-ম্যানচেস্টার রুটে ফের ডানা মেলেছে বাংলাদেশ বিমান। ওই রুটে আজ থেকে ফের বিমান চলাচল শুরু হয়েছে। চার মাস পর ফ্লাইট শুরু হওয়ায় আনন্দের বন্যা বইছে নর্থ ইংল্যান্ডের অন্তত ১০ লাখ সিলেটি প্রবাসীদের মধ্যে। সিলেট-ম্যানচেস্টার রুট; বৃটেনের সঙ্গে সিলেটের বিমান চলাচলের দ্বিতীয় রুট। প্রথম রুট হচ্ছে সিলেট থেকে হিথ্রো। তবে হিথ্রোর চেয়ে বেশি যাত্রী টানে সিলেট-ম্যানচেস্টার রুট। অন্তর্বর্তী সরকারের সময় সিদ্ধান্ত নিয়ে গত ১লা মার্চ থেকে এ রুটে বিমানের সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল। অজুহাত ছিল উড়োজাহাজ সংকট ও সামনে হজ মৌসুমের কারণে এই রুটে ফ্লাইট বন্ধ করা হচ্ছে। তবে বৃটেন প্রবাসীরা ওই রুটে স্থায়ী ফ্লাইট বন্ধের আশঙ্কা করেন। আর এ নিয়ে ম্যানচেস্টার ও সিলেটে আন্দোলন গড়ে তোলেন।

এমনকি ম্যানচেস্টার থেকে কয়েকশ’ প্রবাসী সিলেটে এসে আন্দোলন শুরু করেন। সিলেটস্থ বিমান অফিস ঘেরাও করেছেন। তাদের কর্মসূচিতে রাজনৈতিক নেতাসহ সিলেটের বিভিন্ন মহলের সমর্থন ছিল। তবু অন্তর্বর্তী সরকার এ দাবির প্রতি তোয়াক্কা না করে বিমানের ভেতরে থাকা সিন্ডিকেটের পরামর্শে ওই রুটে ফ্লাইট বন্ধের সিদ্ধান্তে অনঢ় থাকে। তবে ওই সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসীদের দাবির সঙ্গে একাত্ম ছিলেন। তারা ঘোষণা দিয়েছিলেনÑ বিএনপি সরকার গঠন করলে ওই রুটে বিমানের ফ্লাইট শুরু করা হবে। কথা রেখেছেন মন্ত্রীরা। বিএনপি সরকার গঠনের পরপরই ওই রুটে ফ্লাইট চালুর ঘোষণা দেয়া হয়। একইসঙ্গে জুলাইয়ের প্রথমার্ধে ফ্লাইট চলাচল করবে বলে বিমানের পক্ষ থেকে জানানো হয়। এনআরবি সোসাইটি’র পরিচালক ও প্রবাসী সাংবাদিক মিজানুর রহমান জানিয়েছেন, চার মাস পর ওই রুটে ফ্লাইট চালু হচ্ছে। এতে করে ম্যানচেস্টার সহ নর্থ ইংল্যান্ডে বসবাসকারী সিলেটি প্রবাসীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। অনেকেই ভোগান্তির জন্য অন্য রুট ব্যবহার করে দেশে যাননি। তারা গতকাল ম্যানচেস্টার রুট থেকে শুরু হওয়া বিমানের ফ্লাইটে দেশে গেছেন। তিনি বলেন, একটি রুটে ফ্লাইট হঠাৎ করে বন্ধ করে দেয়ার কারণে যাত্রীরা যেমন অসুবিধায় পড়েন, তেমনি বিমানও লোকসানের মুখে পড়ে। কারণ ফ্লাইট বন্ধের সময় অনেকেই টিকিট বাতিল করেন, আবার ফ্লাইট চালুর খবর অনেকের কাছে পৌঁছায় না। এতে করে বিভ্রান্তির সৃষ্টি হয়। ইউকে এনআরবি সোসাইটি’র আরেক পরিচালক ও প্রবাস-বাংলা টিভি’র সিও এম জুনেদ আহমদ জানিয়েছেন, সিলেট-ম্যানচেস্টার রুটটি কখনোই অলাভজনক নয়। বরং সিস্টেমের কারণে মাঝে মধ্যে যাত্রী কমে। এজন্য আমরা যারা কমিউনিটির সঙ্গে সংযুক্ত, তারা ফ্লাইট চালুর খবর পৌঁছাতে ব্যাপক প্রচারণা চালাই।

তিনি বলেন, যারা অলাভজনক বলে ওই রুটে ফ্লাইট বন্ধ করতে বারবারই টালবাহানা করেন তাদের বলবো, এটা সিলেটবাসীর সঙ্গে বিমাতাসুলভ আচরণ। ওল্ড বিএনপি’র সভাপতি ও এনআরবি’র পরিচালক জামাল উদ্দিন জানিয়েছেন, এত স্বল্প সময়ে সরকার সিদ্ধান্ত নিয়ে ফ্লাইট চালু করবে- সেটি আমাদের কল্পনায়ও ছিল না। এজন্য প্রধানমন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। এখন দাবি হচ্ছে- বিমানের ভেতরে কোনো সিন্ডিকেট যেন ওই রুটে ফ্লাইট বন্ধ করতে না পারে, সেজন্য আগেভাগেই সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে। বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শরীফুল আলম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, এমপি এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দররে ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট ইএ-২০৮-এ আগত যাত্রীদের অভ্যর্থনা জানাবেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন