কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের জামিন, আইনজীবীদের বিক্ষোভ

ফন্ট সাইজ:

বরিশালে একের পর এক আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসসহ দলটির অসংখ্য নেতার জামিনের প্রতিবাদে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিএনপিপন্থি আইনজীবীরা আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ করেছেন। গতকাল দুপুরে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ চলাকালীন আইনজীবীরা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবি করেন এবং বিচারককে অপসারণ না করা পর্যন্ত আদালতের সব কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন। আন্দোলনে অংশগ্রহণ করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক এডভোকেট মির্জা মো. রিয়াজ হোসেন, বিএনপিপন্থি আইনজীবী ও সাবেক পিপি এডভোকেট মহসিন মন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু অভিযোগ করে বলেন, বিস্ফোরক মামলার আসামিদের জেলা জজ আদালতে গিয়ে জামিন নিতে হলেও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মামলায় জড়িত আওয়ামী লীগ নেতারা নিম্ন আদালত থেকেই জামিন পাচ্ছেন। তিনি বলেন, গত ২৩শে ফেব্রুয়ারি তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে এসে সহজেই জামিন পেয়েছেন, যা বিচারপ্রার্থীদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। অপরদিকে আদালত বর্জনের কারণে বিচারকার্য ব্যাহত হওয়ায় সাধারণ বিচারপ্রার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
উল্লেখ্য, ২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। সোমবার দুপুরে তিনি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক এসএম শরিয়াতুল্লাহ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের বিভিন্ন যুক্তিতর্ক শেষে আসামির জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত ১৮ই ফেব্রুয়ারি জামিন পান বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। একইসঙ্গে মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক মাহমুদুল হক খান মামুন ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনও জামিন লাভ করেন।




BAD MOUTH

৩ মাস আগে

আবার বুলডোজার চাই। ====

মন্তব্য করুন