ভেনেজুয়েলার ভূমিকম্পে সব হারানো শিশুর পাশে রোনালদো

ভেনেজুয়েলার ভূমিকম্পে সব হারানো শিশুর পাশে রোনালদো

ফন্ট সাইজ:

মাঠের বাইরে ক্রিস্টিয়ানো রোনালদো যে কত বড় মনের মানুষ, তার প্রমাণ মিললো আরেকবার। ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে পরিবার ও নিজের একটি পা হারানো এক খুদে ভক্তের পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ সুপারস্টার। আন্দ্রেস মিলেস নামের ওই শিশুর ট্র্যাজেডি ছুঁয়ে গেছে ৪১ বছর বয়সী এই কিংবদন্তিকে। তাকে বিশেষ বার্তা দেয়ার পাশাপাশি নিজের একটি ম্যাচ দেখতেও আহ্বান জানিয়েছেন সিআরসেভেন।

গত ২৪শে জুন ভেনেজুয়েলার উপকূলে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শতাব্দীর অন্যতম ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ে এখন পর্যন্ত ২,৬৪৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১২,৬০০ জনেরও বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা আন্দ্রেসকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তবে দুর্ভাগ্যজনকভাবে সে তার পুরো পরিবারকে হারিয়ে ফেলে এবং গুরুতর আঘাতের কারণে চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন।

হাসপাতালে চিকিৎসাধীন আন্দ্রেসের একমাত্র স্বপ্ন ছিল রোনালদোর একটি বিশ্বকাপ স্টিকার সংগ্রহ করা, যা ভূমিকম্পের ধ্বংসযজ্ঞের মধ্যে হারিয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আবেগঘন গল্পটি ছড়িয়ে পড়লে তা রোনালদোর নজরে আসে। এরপরই এই খুদে ভক্তের উদ্দেশ্যে একটি বিশেষ ভিডিও বার্তা পাঠান সিআরসেভেন। ভিডিওতে রোনালদো আন্দ্রেসকে শক্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘হ্যালো আন্দ্রেস, কেমন আছো? তোমাকে একটি বড় হাগ (বুকে জড়িয়ে ধরা) পাঠানোর জন্য এই ভিডিওটি করছি।

আমি জানি তুমি আমার অনেক বড় ভক্ত। তুমি সুস্থ হয়ে উঠলেই আমি তোমাকে আমার একটি ম্যাচ সরাসরি দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাই। তোমার সঙ্গে দেখা করতে আমার খুব ভালো লাগবে, বন্ধু।’ শুধু ভিডিও বার্তাই নয়, আন্দ্রেসের জন্য নিজের স্বাক্ষর করা একটি পর্তুগাল জাতীয় দলের জার্সিও পাঠাচ্ছেন রোনালদো। বর্তমানে যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। ম্যাচটিতে পেনাল্টি থেকে গোল করে আন্তর্জাতিক ফুটবলে নিজের ১৪৬তম গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো। কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে আগামী ৬ই জুলাই স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন