নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

ফন্ট সাইজ:

ইংল্যান্ডের মাটিতে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। গতকাল এই মেগা ইভেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১২ই জুন থেকে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ১২ দল। মেগা এই আসরে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা নেদারল্যান্ডস। অন্যদিকে, ‘বি’ গ্রুপে লড়বে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
১২ই জুন এজবাস্টনে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। দীর্ঘ লড়াই শেষে ৩০শে জুন ও ২রা জুলাই দ্য ওভালে অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। আর ৫ই জুলাই ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে মেগা ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।
বিশ্বকাপ শুরুর তৃতীয় দিনের মাথায় মিশন শুরু করবে বাংলাদেশ। ১৪ই জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। আর এ ম্যাচ দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক ম্যাচ খেলবে ডাচ্‌ মেয়েরা। এরপর ১৭ই জুন হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে জ্যোতিদের। ২০শে জুন হ্যাম্পশায়ার বোলে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার
পর ওল্ড ট্রাফোর্ডে ২৫শে জুন ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮শে জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে লাল-সবুজ মেয়েরা।
গত জানুয়ারিতে বিশ্বকাপের বাছাই পর্বে দাপুটে পারফরম্যান্স দেখায় বাংলাদেশ। গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে ৭ ম্যাচের সবক’টিতে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল আসরের টিকিট কাটে লাল-সবুজের প্রতিনিধিরা। বাছাই পর্বের সেই অপ্রতিরোধ্য ফর্ম এবার মূল বিশ্বমঞ্চে দেখানোর চ্যালেঞ্জ জ্যোতির দলের সামনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময়
১৪ই জুন নেদারল্যান্ডস এজবাস্টন বিকাল ৩:৩০ মিনিট
১৭ই জুন অস্ট্রেলিয়া হেডিংলি বিকাল ৩:৩০ মিনিট
২০শে জুন পাকিস্তান হ্যাম্পশায়ার বোল সন্ধ্যা ৭:৩০ মিনিট
২৫শে জুন ভারত ওল্ড ট্রাফোর্ড সন্ধ্যা ৭:৩০ মিনিট
২৮শে জুন দক্ষিণ আফ্রিকা লর্ডস বিকাল ৩:৩০ মিনিট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন