সামনে মরক্কো: ঘুম হারাম কানাডার

সামনে মরক্কো: ঘুম হারাম কানাডার

ফন্ট সাইজ:

বিশ্বকাপে আফ্রিকানদের বিদায়ের মিছিলে ব্যাতিক্রম শুধু মরক্কো। শেষ বত্রিশে ফেভারিট নেদারল্যান্ডসকে হারিয়ে এবার কানাডার মুখোমুখি হচ্ছে মোহাম্মদ ওয়াহাবির দল। আজ রাত ১১টায় হিউস্টনে সহ-আয়োজকদের বিপক্ষে মাঠে নামবে অ্যাটলাস লায়নরা। মরক্কোর চিন্তায় নির্ঘুম রাত কাটছে কানাডা কোচ জেসি মার্শের। আমেরিকান সংবাদমাধ্যম ‘ইউএসএ ডেইলি’-কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত মরক্কো। আফ্রিকান চ্যাম্পিয়নদের বিপক্ষে যখন খেলা, ঘুম হারাম হওয়ারই কথা। কানাডা কোচ এখন পর্যন্ত সবচেয়ে কঠিন প্রতিপক্ষ মানছেন মরক্কোকে। তিনি বলেন, ‘মরক্কোর বিপক্ষে ম্যাচের প্রস্তুতি যেন দুঃস্বপ্নে বসবাস করার মতো। তাদের খেলা দেখতেও আমার ইচ্ছা করে না। তারা ভীষণ শক্তিশালী।’

অবশ্য বিশ্বাস হারাচ্ছেন না জেসি। জানালেন, বড় স্বপ্ন নিয়েই মাঠে নামবে তার দল। জেসি মার্শ বলেন, ‘আমরা এখানে থাকতে চেয়েছিলাম, আশা করেছিলাম এখানেই থাকব। অনেকেই আমাদের আন্ডারডগ হিসেবে দেখবে, কিন্তু এটাই আমাদের জন্য বড় সুযোগ। আমরা জীবনের সেরা ম্যাচটি খেলতে চাই। সেটা যদি পারি তাহলে আমাদের জয়ের সুযোগ থাকবে।’

মরোক্কান সংবাদমাধ্যম আল মুন্তাখাবের বিশ্লেষণে বলা হয়েছে, তিনটি কারণে কানাডার বিপক্ষে এগিয়ে থাকবে মরক্কো। প্রথমত, মোহাম্মদ ওয়াহাবির মরক্কো নকআউট পর্বের চাপ সামলানোর ক্ষেত্রে অভিজ্ঞ। কানাডা মাত্র একটিই নকআউট ম্যাচ খেলেছে। তাছাড়া গত বিশ্বকাপেও মরক্কো স্পেন ও পর্তুগালের মতো দলকে বিদায় করেছিল। এবার শুরুতে তারা হারিয়েছে নেদারল্যান্ডসকে। এসব কারণেই বাড়তি সুবিধা পাবে মরক্কো।

দ্বিতীয়ত, মরক্কো দলে বিভিন্ন পজিশনে দক্ষ ফুটবলার রয়েছেন। যারা শক্তিশালী রক্ষণের পাশাপাশি দ্রুত কার্যকর আক্রমণ শানাতে দক্ষ। তৃতীয়ত, কানাডার বিপক্ষে ২০২২ বিশ্বকাপের জয় মরক্কোকে মনস্তাত্ত্বিকভাবে এগিয়ে রাখবে। সবমিলিয়ে মুখোমুখি চার দেখায় তিনবার জিতেছে মরক্কো। একটি ম্যাচ হয়েছে ড্র।

তবে সংবাদমাধ্যমের বিশ্লেষণে এটাও বলা হয়েছে, কানাডার শারীরিক শক্তি ও হাই প্রেসিং ফুটবল সমস্যায় ফেলবে মরক্কোকে। কোচ জেসি মার্শের কৌশলগত নমনীয়তায় ইতিমধ্যেই ৯ গোল করেছে সহ-আয়োজকরা। জোনাথন ডেভিড আক্রমণভাগের মূল ভরসা। অধিনায়ক আলফোনসো ডেভিসের ফেরাটাও মানসিকভাবে স্বস্তি দিয়েছে কানাডাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ৭৫ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামেন ডেভিস। আজকের ম্যাচে শুরুর একাদশে থাকার সম্ভাবনা প্রবল। যদিও ডেভিসকে নিয়ে সিদ্ধান্তটা ভেবেচিন্তেই নেবেন বলে জানিয়েছেন জেসি মার্শ।
মরক্কোর বিপক্ষে ‘অল-ব্ল্যাক’ জার্সি পরে খেলবে কানাডা। সৌভাগ্যের এই জার্সিতে বিশ্বকাপে দুই ম্যাচ জিতেছে তারা। দেখা যাক, এবার ভাগ্য কতটা সুপ্রসন্ন হয় স্বাগতিকদের।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন