এয়ারপোর্ট থেকে ফিরে গেলেন ডিসি

ফন্ট সাইজ:

আসার কথা ছিল বুধবারে। সব প্রস্তুতিও ছিল। সিলেটে অপেক্ষা। নতুন ডিসি মু. রেজা হাসান সিলেটের পথও ধরেছিলেন। এয়ারপোর্ট পর্যন্ত আসার পর হঠাৎ সচিবের ফোন। ফিরতে হলো মন্ত্রণালয়ে। বৃহস্পতিবারও তিনি আসেননি। আগামী রোববার নতুন আদেশের পর তিনি সিলেটের পথ ধরতে পারেন বলে মন্ত্রণালয় সূত্র বলেছে। সিলেটের আলোচিত ডিসি সারওয়ার আলমের প্রত্যাহারের পর নতুন ডিসি হিসেবে নিয়োগ পান কুমিল্লায় দায়িত্ব পালন করা জেলা প্রশাসক মু. রেজা হাসান। আদেশের সময় তিনি কুমিল্লাতে দায়িত্ব পালন করছিলেন। ২৮শে জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে সিলেটে বদলির নির্দেশ দেয়া হয়। একই আদেশে কুমিল্লায় তার জায়গায় নিয়োগ পেয়েছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তার।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানিয়েছে, কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটে বদলির নির্দেশ দেয়ার পরদিনই তাকে ঢাকায় নিয়ে আসা হয়। ঢাকার পর্ব শেষ করে তিনি বুধবার ফ্লাইট ধরে দুপুরে সিলেট পৌঁছার কথা। সিলেটের প্রশাসনের কাছেও এ খবর দেয়া হয়েছিল। কারণ, ডিসি রেজা সিলেটে পৌঁছে দায়িত্ব গ্রহণ করবেন। এজন্য সিলেটের প্রশাসনেও প্রস্তুতি ছিল। সিলেটের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার দুপুর একটার ফ্লাইটে সিলেট পৌঁছার কথা ছিল। এরপর এয়ারপোর্ট থেকে তিনি সোজা ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতেও যাবার প্রস্তুতি ছিল। এ জন্য সিলেট আসতে তিনি মন্ত্রণালয়ের কাজ শেষ করে এয়ারপোর্ট পর্যন্ত আসেন। ফ্লাইটের পূর্ব মুহূর্তে জনপ্রশাসন সচিবের ফোনে তিনি সিলেটে না এসে ফের মন্ত্রণালয়ে ফিরে যান। ফলে সবকিছু ঠিক থাকার পরও ডিসি রেজা হাসান হঠাৎ করে ফিরে যাওয়ায় প্রশাসনের ভেতরেই জল্পনা শুরু হয়।

এদিকে, সিলেটের ডিসি নিয়ে গেল কয়েক দিন ধরে নানা ঘটনা ঘটছে। মাজারের দানবাক্সে প্রশাসনের হস্তক্ষেপের ঘটনায় আলোচনা যখন তুঙ্গে তখন গত ২১শে জুন সিলেট থেকে প্রত্যাহার করে নেয়া হয় ডিসি সারওয়ার আলমকে। তার এই প্রত্যাহারকে ঘিরে সিলেটে নানা আলোচনা এখনো চলছে। অনেকেই তাকে ডিসি হিসেবে ফিরে পেতে আন্দোলন করেন। আর এই অবস্থায় ২৮শে জুন নতুন ডিসি নিয়োগে প্রজ্ঞাপনে সব জল্পনার অবসান ঘটে। পরিস্থিতিও স্বাভাবিক হয়। তবে নতুন ডিসি এয়ারপোর্ট পর্যন্ত এসে ফিরে যাওয়া নিয়ে নতুন করে আলোচনার ডালপালা মেলছে। মন্ত্রনালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন ডিসি নিয়োগ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই।

এবার সমস্যা দেখা দিয়েছে কুমিল্লায়। ডিসি মু. রেজা হাসানকে সিলেটে বদলি ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে। একই আদেশে এ দু’টি জেলায় ডিসি নিয়োগের প্রজ্ঞাপনটি ছিলো। কিন্তু কুমিল্লার নিয়োগ পাওয়া ডিসি রোজী আক্তারের বিরুদ্ধে অতীতে দুর্নীতির অভিযোগ ছিল। ফলে তার নিয়োগের আগেই বিষয়টি নিয়ে কুমিল্লায় তোলপাড় শুরু হয়।

এ নিয়ে বিতর্কের সৃষ্টি হলে বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয় এই আদেশটি কার্যকর করেনি। ফলে আদেশ সিলেটের ডিসি মু. রেজা হাসানকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে নেয়া হয়েছে। এখন নতুন করে প্রজ্ঞাপন জারির পর তাকে সিলেটে এসে যোগদান করতে বলা হতে পারে বলে জানান ওই কর্মকর্তা। তিনি জানান- সেজন্য মন্ত্রণালয় দু’একদিন সময় নিয়েছে। কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে আরেকজন নতুন ডিসি চূড়ান্ত হলে রোববারের মধ্যে দু’টি আদেশ একসঙ্গে জারি হতে পারে। অথবা পৃথক পৃথকভাবে আদেশ জারি হতে পারে। এরপর সিলেটে এসে দায়িত্ব নেবেন ডিসি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন