নয়া মিশনে শাকিব খান

নয়া মিশনে শাকিব খান

ফন্ট সাইজ:

ইতিহাস সৃষ্টি করতে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মেগাস্টার শাকিব খান। তার তুমুল আলোচিত সিনেমা ‘বরবাদ’ টিমের সঙ্গেই ফিরছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় রিয়েল এনার্জি প্রোডাকশনের সিনেমায় নাম লেখান তিনি। ছবির নাম প্রকাশ করা হয়নি। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যানারে ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে।

সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। ছবিটি ব্যবসা সফলতায়ও নতুন নজির গড়েছিল। সেই টিমের সঙ্গে আরেক সিনেমায় দেখা যাবে শাকিব খানকে। তবে এটি ‘বরবাদ’ সিনেমার সিক্যুয়েল নয়। চুক্তির পর প্রযোজক ও পরিচালকদের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন শাকিব খান। পোস্টে তিনি লিখেছেন, ‘বরবাদ, টিম আবার ফিরছে।

চলুন, আবার ইতিহাস গড়ি। গত বছর মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমায় আরিয়ান মির্জা চরিত্রে দেখা গেছে শাকিব খানকে। তার বিপরীতে অভিনয় করেন ইধিকা পাল। ছবিতে তুমুল অ্যাকশন দৃশ্যে অভিনয় করেন শাকিব। তার এই লুক হইচই ফেলে দিয়েছিল। পরবর্তীতে অন্য একটি সিনেমার অনুষ্ঠানে ‘বরবাদ’ পরিচালক মেহেদী হাসান হৃদয়কে চলতি সময়ের সবচেয়ে ভালো নির্মাতা হিসেবে অভিহিত করেন শাকিব। এবার সেই পরিচালকের ছবিতেই আবার দেখা যাবে শাকিবকে। এমন ঘোষণার পর নড়েচড়ে বসেছেন শাকিব ভক্তরাও। তারাও আশা করছেন, দ্রুতই নতুন চমক নিয়ে হাজির হবেন প্রিয় নায়ক। এদিকে শাকিব জানিয়েছিলেন, চলতি বছর তার অভিনীত আরেকটি সিনেমা ‘সোলজার’ আগামী অক্টোবরে মুক্তি পাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন