একসময়ের জনপ্রিয় উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন এখন বাংলাদেশে। ১৭০০ দিন পর ক্যামেরার সামনে দেখা যাবে তাকে। সম্প্রতি তিনি অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে। আগামীকাল রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে একযোগে প্রচারিত হবে এই বিশেষ পডকাস্ট। এই পডকাস্টে রুমানা মালিক মুনমুন জানিয়েছেন তার না বলা অনেক কথা। কানাডা প্রবাসী মুনমুন সেখানে কী করছেন, উপস্থাপনা বা অভিনয়ে আবার ফিরবেন কিনা- এসব উত্তর দিয়েছেন।
পাশাপাশি মুনমুন জানিয়েছেন, লাক্স চ্যানেল আই সুপারস্টার-২০০৬ প্রতিযোগিতা চলাকালীন আজমেরী হক বাঁধন তার রুমমেট ছিলেন। মুনমুন সেভাবে মেকআপ করতে জানতেন না, বাঁধনই তাকে নানাভাবে সাহায্য করতেন। মুনমুন জানিয়েছেন, দেশের বাইরে তিনি কিছুদিন আগে জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধন অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ দেখে মুগ্ধ হয়েছেন। মুনমুন বিনয় করেই বলেন, আমি অভিনয়ে অত ভালো নই। সে কারণেই আর অভিনয়টা চালিয়ে যাইনি। কথা প্রসঙ্গে মুনমুন তার একমাত্র অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দারুচিনি দ্বীপ’র অনেক না বলা গল্প শেয়ার করেছেন পডকাস্টে। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
