সরকারি গাছ কাটার অভিযোগে মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জাহাঙ্গীরের সব পদ স্থগিত

সরকারি গাছ কাটার অভিযোগে মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জাহাঙ্গীরের সব পদ স্থগিত

ফন্ট সাইজ:

সরকারি বেড়িবাঁধে থাকা ২২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় সব পদ স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার বিকালে দলের ভেরিফাইড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে লেখা হয়- ‘মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণকৃত প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি নিজ গাড়ি নিয়ে তার বাড়ি যাওয়ার পথ সুগম করার লক্ষ্যে এ ধরনের অন্যায় ও নিন্দনীয় কাজটি করেছেন- যা দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ। সুতরাং এ ধরনের গর্হিত কাজের জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কিশোরগঞ্জ জেলাধীন মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর এর বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।’ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন- দলের সিনিয়র যুগ্মমহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে মঙ্গলবার উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বাদী হয়ে মিঠামইন থানায় গাছ চুরির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। মামলায় আঙ্গুর মিয়া নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপি’র বিজ্ঞপ্তিতে ২২টি মেহগনি গাছ কেটে ফেলার কথা বলা হলেও দায়ের করা মামলায় ১২টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ করা হয়েছে। মিঠামইন থানার ওসি মো. লিয়াকত আলী গাছ চুরির মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে জানান, মামলাটি তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রসঙ্গত, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ১৯৯৫-১৯৯৬ সালে বেড়িবাঁধটি তৈরি করা হয়। সে সময় বেড়িবাঁধ এলাকায় অনেকগুলো গাছ রোপণ করা হয়। সমপ্রতি সেসব গাছ থেকে বেশ কিছু গাছ স্থানীয় কয়েকজন কেটে ফেলে। কেটে ফেলা এসব গাছের বিভিন্ন অংশ একটি স’মিল থেকে উদ্ধার করে জব্দ করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন