‘ইশতেহার জনগণের সঙ্গে সামাজিক চুক্তি, জয়ী হলে রাষ্ট্রীয় চুক্তি হবে’

ফন্ট সাইজ:

বিএনপি’র নির্বাচনী ইশতেহার জনগণের সঙ্গে দলের একটি ‘সামাজিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে এই সামাজিক চুক্তি রাষ্ট্রীয় চুক্তিতে পরিণত হবে। রোববার সকালে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি এলাকায় নির্বাচনী পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভোটারদের উদ্দেশ্যে অনিন্দ্য বলেন, আমরা জমিজমা কেনাবেচা বা দোকান ভাড়া নেয়ার সময় যেমন চুক্তিপত্র তৈরি করি, নির্বাচনী ইশতেহারও ঠিক তেমনই। এটি মেনে চলতে আমি এবং বিএনপি’র সংসদ সদস্য বাধ্য থাকবেন। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আমি যশোরবাসীর কাছে ওয়াদা করেছি, জয়ী হলে যশোরকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত করবো। এর সঙ্গে যদি আমার পরিবারের কোনো সদস্য বা দলের বড় কোনো নেতাও জড়িত থাকে, তার সঙ্গেও কোনো আপস নেই, তার বিচার হবে। আগামী ১২ তারিখের ভোটকে দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার ভোট হিসেবে অভিহিত করে অমিত বলেন, এই ভোটের জন্য আর কোনো রাজনৈতিক দল এত বেশি ত্যাগ করেনি। স্বাধীনভাবে ভোট দেয়ার অধিকার আদায় করতে গিয়ে সারা বাংলাদেশে বিএনপি’র ৭০ জন নেতাকর্মী গুম হয়ে গেছে, যশোর জেলায় ৬৮ জনকে হত্যা করা হয়েছে। এ সময় তিনি নওয়াপাড়া ইউনিয়নের নিহত দলীয় নেতাকর্মী আবদার রহমান, আশিকুর রহমান আকুল, ফেরদৌস হোসেন এবং মাসুদকে স্মরণ করে তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। ধানের শীষের পক্ষে জনসমর্থনের কথা উল্লেখ করে অমিত আরও বলেন, আজ সারা বাংলাদেশে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ওলামা মাশায়েখবৃন্দ এবং তাবলিগ জামায়াত ধানের শীষকে সমর্থন দিয়েছে। একইসঙ্গে, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টও ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান অনিন্দ্য ইসলাম অমিত।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন