‘অতিরিক্ত না ভেবে’ রেকর্ড বই ওলটপালট হেটমায়ারের

‘অতিরিক্ত না ভেবে’ রেকর্ড বই ওলটপালট হেটমায়ারের

ফন্ট সাইজ:

সুপার এইটের ম্যাচে এক শিমরন হেটমায়ারের জবাবটাই দিতে পারলো না জিম্বাবুয়ে। সোমবার ৯ রানে জীবন পাওয়া এ ক্যারিবিয়ান তারকা শেষ পর্যন্ত থামেন ৩৪ বলে ৮৫ রানের টর্নেডো ইনিংসে। একইসঙ্গে দলীয় ২৫৪ রানের ইনিংসেও রেকর্ড বই নতুন করে সাজানো হয়। ম্যাচের পর নতুন সব রেকর্ড গড়া হেটমায়ার জানালেন, ব্যাটিং নিয়ে অতিরিক্ত চিন্তা বাদ দেয়াতেই সুফল পেয়েছেন। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালায় ওয়েস্ট ইন্ডিজ। ৬ উইকেটে তাদের তোলা ২৫৪ রান টি-টোয়েন্টি বিশ্বকাপেই দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। সর্বোচ্চ রানের রেকর্ডটি এখনো শ্রীলঙ্কার খাতায়। ২০০৭-এ প্রথম আসরে কেনিয়ার বিপক্ষে সেই কীর্তি গড়ে লঙ্কানরা। এ পথে সীমিত সংস্করণের বিশ্বকাপে ক্যারিবিয়ানদের হয়ে ১৯ বলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন হেটমায়ার। এ পথে নিজেকেই ছাড়ান এ মারকুটে ব্যাটার। এবারের আসরেই গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ২২ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হেটমায়ার জানান, ক্রিজের বাড়তি চিন্তা বাদ দেয়াতেই তার সুফল পাচ্ছেন। ২৯ বছর বয়সী ক্যারিবিয়ান তারকা বলেন, ‘আমার ব্যাটিং নিয়ে অতিরিক্ত চিন্তা করছি না (সেটি কাজে লাগছে)। আগে অতিরিক্ত ভাবতাম। আমি এখন কম ভাবার চেষ্টা করছি এবং যা করার এখন ব্যাটই করবে।’ ইতালির বিপক্ষে ক্যারিবীয়দের শেষ ম্যাচে স্রেফ ১ রানে ফিরে যান হেটমায়ার। ব্যর্থতার পর নিজেকে মেলে ধরে এদিনের ইনিংস, তাই খুবই দামি তার কাছে। বাঁহাতি ব্যাটার বলেন, ‘এই ইনিংসটি খুবই অর্থবহ। কেননা, সবশেষ ম্যাচে আমি বেশি রান করতে পারিনি। শেষ দুই মাসে যা করেছি, আমি কেবল এর পুনরাবৃত্তি করার চেষ্টা করছি।’
এদিন সাতটি করে চার-ছক্কায় বিধ্বংসী ইনিংসটি খেলেন হেটমায়ার। চলমান বিশ্বকাপে সাকুল্যে ১৭টি ছক্কা হাঁকিয়ে ইতিমধ্যে যৌথভাবে এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে নিজের নাম লিখেছেন তিনি। ২০২৪ বিশ্বকাপে সমান ১৭টি ছক্কা মেরে কীর্তিটি গড়েন হেটমায়ারেরই সতীর্থ নিকোলাস পুরান। এবার পুরানকে ছাড়িয়ে এককভাবে রেকর্ডটি নিজের নামে লেখার সুবর্ণ সুযোগ হেটমায়ারের সামনে। সুপার এইটেই ক্যারিবিয়ানদের ম্যাচ বাকি আরও দু’টি। এরপর সেমিফাইনাল ও ফাইনাল নিশ্চিত করতে পারলে তো আরও বড় সুযোগ! এক বিশ্বকাপে সমান ১৬টি করে ছক্কা আছে ক্রিস গেইল ও রহমানউল্লাহ গুরবাজের। ৩৪ বলে ৮৫ রান করা হেটমায়ারের এদিন স্ট্রাইকরেট ছিল ২৫০। এটি সীমিত সংস্করণের বিশ্বকাপে ন্যূনতম ৩০ বল খেলেছেন, এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। হয়েছে দলীয় রেকর্ডও। এদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ সর্বমোট ছক্কা হাঁকায় ১৯টি, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো এক ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ। এর আগে ২০১৪-তে আয়ারল্যান্ডের বিপক্ষে সমান ১৯টি ছক্কা মারে নেদারল্যান্ডস। দু’দল মিলিয়ে ম্যাচের মোট ছক্কা ৩১টি। এটি এককভাবে বিশ্বকাপের কোনো ম্যাচের সর্বোচ্চ। এর আগে ২০১৪ আসরে ডাচ্‌ ও আইরিশদের মধ্যকার ম্যাচটিতে সর্বোচ্চ ৩০ ছক্কার নজির দেখা যায়। ওয়েস্ট ইন্ডিজের করা ২৫৪ রান জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো দলের সর্বোচ্চ। এর আগে রোডেশিয়ানদের বিপক্ষে সর্বোচ্চ ২৩৪ রান করে ভারত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন