তিব্বতের পতাকা হাতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে আত্মহুতি

তিব্বতের পতাকা হাতে জাতিসংঘের সদর দপ্তরের সামনে আত্মহুতি

ফন্ট সাইজ:

নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরের সামনে তিব্বতি পতাকা হাতে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মাহুতি দিয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সাড়ে ৬ টার দিকে এই ঘটনা ঘটে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় জরুরি সেবা ৯১১-এ একটি কল পেয়ে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা দ্রুত জাতিসংঘ সদর দপ্তরের সামনে পৌঁছান। সেখানে তারা ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে পুরো শরীরে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পরিবারকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত না করায় তার নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এই ঘটনার পেছনে সুনির্দিষ্ট কী কারণ ছিল, তা খতিয়ে দেখতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। জাতিসংঘের একজন মুখপাত্র জানান, দিনের সমস্ত নির্ধারিত সভা বা কার্যক্রম শেষ হওয়ার পর ঘটনাটি ঘটায় জাতিসংঘের দাপ্তরিক কাজে কোনো ব্যাঘাত ঘটেনি।

তিব্বত সংকট ও আত্মাহুতির ইতিহাস: চীন দাবি করে আসছে যে তিব্বত সাত শতাব্দীরও বেশি সময় ধরে তাদের ভূখণ্ডের অংশ এবং ১৯৫১ সাল থেকে দেশটির কমিউনিস্ট পার্টি এই হিমালয় অঞ্চলটি শাসন করছে। অন্যদিকে বহু তিব্বতিদের দাবি, তাদের ইতিহাসের অধিকাংশ সময় তারা মূলত স্বাধীন ছিলেন এবং বেইজিংয়ের এই কঠোর শাসনের বিরুদ্ধে তারা দীর্ঘ সময় ধরে প্রতিবাদ জানিয়ে আসছেন। ‘ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর তিব্বত’-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ থেকে ২০২২ সালের মধ্যে ১৫০ জনেরও বেশি তিব্বতি নিজেদের গায়ে আগুন দিয়ে এভাবে আত্মাহুতি দিয়েছেন। চীন তিব্বতের নির্বাসিত সরকার ‘সেন্ট্রাল তিব্বতিয়ান অ্যাডমিনিস্ট্রেশন’-কে স্বীকৃতি দেয় না এবং ২০১০ সালের পর থেকে দালাই লামার প্রতিনিধিদের সাথে বেইজিংয়ের কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সংলাপ অনুষ্ঠিত হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন