একসঙ্গে ৯ সিনিয়র নার্সের বদলি

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের বেহাল দশা

ফন্ট সাইজ:

বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন সিনিয়র নার্সের একসঙ্গে বদলি হওয়ায় বিপাকে পড়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস। রোগী সামলাতে তিনি হিমশিম খাচ্ছেন। এতে বেহাল অবস্থার মধ্যে পড়েছে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। জানা যায়, দীর্ঘদিন ধরে ডাক্তারের শূন্যতা থাকলেও সমপ্রতি তিনজন নতুন ডাক্তার যোগদান করায় শরণখোলা হাসপাতালে এখন ১০ জন মেডিকেল অফিসার কর্মরত রয়েছেন। যেখানে রোগীরা স্বাচ্ছন্দ্যে চিকিৎসাসেবা নিতে পারছেন। কিন্তু গত ৭ই ডিসেম্বর ২০২৫ তারিখে অটোমেশন অর্ডারের মাধ্যমে ৯ জন সিনিয়র নার্স একসঙ্গে অন্যত্র বদলি হওয়ায় বিপাকে পড়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস। তিনি বলেন, একসঙ্গে এত নার্স চলে যাওয়ায় রোগীর সেবা দিতে তিনি হিমশিম খাচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য বিভাগ। এ বিষয়ে নাম প্রকাশ না করা শর্তে এক প্রসূতি মা বলেন, সিনিয়র স্টাফ নার্সরা বদলি হওয়ায় এখানে যে ধরনের চিকিৎসা পাওয়া যেতো তা এখন আর পাওয়া যায় না। তাই বিষয়টা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস বলেন, তিনি বিষয়টি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিমকে ডিজিটাল এক্সরে, নার্সসহ বিভিন্ন সমস্যার কথা অবহিত করেন। এ বিষয়ে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেন, তিনি সমস্যাগুলো শুনেছেন। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিসহ সিভিল সার্জনের সঙ্গে কথা বলে অতি শিগগিরই নার্সসহ অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। এ ব্যাপারে বাগেরহাটের সিভিল সার্জন আ স ম মাহবুবুল আলম ?বলেন, নার্স বদলি বিষয়টি অন্য অধিদপ্তরের কাজ। এটা তিনি মেইনটেনেন্স করেন না। তারপরও তিনি লিখিতভাবে ওই অধিদপ্তরে বিষয়টি অবহিত করেছেন। তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন