ব্রাজিলের খেলা দেখা নিয়ে দ্বন্দ্বে আদাবরে বিএনপি নেতা খুন

ব্রাজিলের খেলা দেখা নিয়ে দ্বন্দ্বে আদাবরে বিএনপি নেতা খুন

ফন্ট সাইজ:

রাজধানীর আদাবরে বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ দেখাকে কেন্দ্র করে বিরোধের জেরে আবুল বাশার বাদশা (৩০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আবুল বাশার বাদশা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার গফুর মিয়ার ছেলে এবং নবোদয় ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় ইউনিট বিএনপি সভাপতি সাদ্দাম গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আদাবর থানার নবোদয় কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- শোয়েব, আরমান ও নয়ন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯শে জুন ব্রাজিলের ফুটবল ম্যাচ দেখার পর নবোদয় হাউজিং এলাকায় কয়েকজন যুবক ঢোল বাজিয়ে উল্লাস করছিল। এ সময় আদাবর থানা বিএনপি’র সদস্য হাবিবুর রহমানের সঙ্গে নবোদয় বাজারের ব্যবসায়ী মজনুর ছেলে রিপনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি নীরবকে চড়-থাপ্পড় মারেন। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরদিন সন্ধ্যার পর একই স্থানে নীরবের ভাই রিপন ও ইউনিট বিএনপি সভাপতি সাদ্দাম হোসেন মুখোমুখি হলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে সাদ্দাম হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় অভিযোগ করেন।

এর ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিরোধ মীমাংসার জন্য নবোদয় বাজারে রঞ্জুর দোকানে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে রিপন, নীরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা হাবিবের পক্ষের লোকজনসহ নবোদয় হাউজিং ইউনিট বিএনপি সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন