স্বপ্ন নিয়ে মুখোমুখি ঘানা-কলম্বিয়া

স্বপ্ন নিয়ে মুখোমুখি ঘানা-কলম্বিয়া

ফন্ট সাইজ:

২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল ঘানা। ২০২৬ আসরে আরেকটি স্মরণীয় যাত্রা উপহার দিতে চায় দলটি। সেই লক্ষ্য নিয়েই শেষ ৩২-এ আফ্রিকান ‘ব্ল্যাক স্টারস’ মুখোমুখি হচ্ছে লাতিন জায়ান্ট কলম্বিয়ার। কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু কাল সকাল সাড়ে সাতটায়।
এই ম্যাচ নিয়ে ঘানার অধিনায়ক জর্ডান আইয়ু বলেন, ‘প্রতিদিন ঘুম থেকে উঠে যেন সবাই আনন্দ অনুভব করতে পারেÑ সেটাই গুরুত্বপূর্ণ। শেষ কয়েক বছর অনুভূতিটা ছিল না। সেটি ফিরিয়ে আনতে পারা সত্যিই দারুণ ব্যাপার।’ অন্যদিকে, কলম্বিয়াও নিজেদের অতীত সাফল্য ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য অটুট রাখতে চায়। ১৪’তে কোয়ার্টার ফাইনালে উঠেছিল দলটি। ১৮’তে শেষ ষোলোতে বাদ পড়ে যায়। আর গত আসরে খেলারই সুযোগ হয়নি।

ঘানা কোচ কার্লোস কুইরোজের জন্য ম্যাচটি আবেগের। সাবেক শিষ্যদের মোকাবিলা করতে হচ্ছে তাকে। কুইরোজ ২০১৯ থেকে ২০২০ পর্যন্ত কলম্বিয়ার দায়িত্বে ছিলেন। কিন্তু উরুগুয়ে ও ইকুয়েডরের কাছে বাছাই ম্যাচে বড় হারের পর পদত্যাগ করেন। তবে ঘানাকে নিয়ে সফল কুইরোজ। তার অধীনে তৃতীয় হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে ঘানা।

অন্যদিকে, কলম্বিয়া গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি। দুই জয় ও এক ড্রয়ে পর্তুগালকে পেছনে ফেলে সেরা দল হিসেবে নকআউটে পা রাখে তারা। কোচ নেস্তর লরেঞ্জোর অধীনে অনেকটা নীরবেই টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দলে পরিণত হয়েছে কলম্বিয়া। মিডফিল্ডার রিচার্ড রিওস বলেন, ‘আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আমাদের বিশ্বাস অনেক দূরে যেতে পারবো।’
ঘানার চেয়ে শক্তিমত্তায় এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে নিয়ে সতর্ক রিওস। তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচই কঠিন। পর্তুগালের চেয়ে ঘানা আমাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। কিন্তু আমরা যদি আগের ম্যাচগুলোর মতোই খেলি এবং নিজেদের সামর্থ্যরে সর্বোচ্চটা দেখাতে পারি, তাহলে প্রতিপক্ষের জন্য আমাদের থামানো কঠিন হয়ে যাবে। আমরা সেটাই করবো। নিজেদের খেলা প্রতিপক্ষের ওপর চাপিয়ে দেবো এবং জয়ের লক্ষ্য নিয়ে মাঠ ছাড়বো।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন