পোপ লিও চতুর্দশের স্পষ্ট নিষেধাজ্ঞা ও অনুরোধ উপেক্ষা করে চারজন নতুন বিশপ নিয়োগ (অভিষেক) করেছে ক্যাথলিকদের একটি দলছুট উগ্র-ঐতিহ্যবাদী গোষ্ঠী ‘সোসাইটি অব সেন্ট পাইয়াস টেন’। সুইজারল্যান্ডের একোনের পাহাড়ি উপত্যকায় অবস্থিত এই গোষ্ঠীর সেমিনারিতে বুধবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে চারজন বিশপের মাথায় হাত রেখে এই অভিষেক সম্পন্ন করা হয়। গির্জার প্রচলিত কানুন অনুযায়ী, পোপের অনুমতি ছাড়া এই ধরনের স্বৈরাচারী পদক্ষেপের কারণে সংশ্লিষ্ট সকলের ওপর স্বয়ংক্রিয়ভাবে বহিষ্কারাদেশ নেমে আসতে পারে, যা ভ্যাটিকানের মূল ক্যাথলিক চার্চের সাথে এক বড় ধরনের আনুষ্ঠানিক বিভাজন তৈরি করে।
এ খবর দিয়েছে ডয়চে ভেলে। ১৯৭০ সালে ফরাসি আর্চবিশপ মার্সেল লেফেভ্রে এবং ১৯৬০-এর দশকের দ্বিতীয় ভ্যাটিকান কাউন্সিলের আধুনিকীকরণ সংস্কারের বিরোধী ক্যাথলিকদের হাত ধরে এই গোষ্ঠীটি গঠিত হয়েছিল। এই দলটি ল্যাটিন ভাষায় ঐতিহ্যবাহী খ্রিষ্টধর্মীয় উপাসনা পরিচালনার ব্যাপারে অটল থাকে। তারা অন্য ধর্ম বা সম্প্রদায়ের সাথে সম্পর্ক জোরদার করার তীব্র বিরোধী। এর আগে ১৯৮৮ সালের এই একই দিনে (৩৮ বছর আগে) গোষ্ঠীটি পোপের অনুমতি ছাড়া চারজন বিশপ নিয়োগ করেছিল, যার ফলে তারা চার্চ থেকে সরাসরি বহিষ্কৃত হন।
যদিও ২০০৯ সালে সেই শাস্তি প্রত্যাহার করা হয়েছিল। বর্তমানে বিশ্বজুড়ে ৭৭টি দেশে তাদের ৮০০টি উপাসনা কেন্দ্র রয়েছে এবং তাদের অনুসারীদের ধর্মীয় সেবা নিশ্চিত করতে এই বিশপ নিয়োগকে তারা জরুরি পরিস্থিতি হিসেবে দাবি করেছে। নতুন মনোনীত চারজন বিশপ হলেন সুইজারল্যান্ডের প্যাসকাল শ্রেইবার, আমেরিকার মাইকেল গোল্ডাডে এবং ফ্রান্সের মিশেল পোইনসিনেট ডি সিভরি ও মার্ক হ্যানাপিয়ার। ভ্যাটিকানের সাথে তীব্র বিরোধ তৈরি হলেও এই অভিষেক অনুষ্ঠানটিকে কেন্দ্র করে অনুসারীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ দেখা গেছে এবং স্মৃতিচিহ্ন হিসেবে বিশপের প্রতীক সংবলিত বিশেষ ওয়াইনের বোতল ও বেসবল ক্যাপও বিক্রি করা হয়েছে।
