মোদি ও শেহবাজের কথা হোক, চান ভারত-পাকিস্তানের শতাধিক ব্যক্তি

ফন্ট সাইজ:

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার প্রযোজনীয়তার কথা জানিয়েছিলেন। এবার ভারত ও পাকিস্তানের দুই দেশের শতাধিক বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতা এক আবেদনে উভয় সরকারের প্রতি দীর্ঘদিনের বৈরিতা অবসানের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের ১১৭ জন ব্যক্তি এই আবেদনে স্বাক্ষর করেছেন।

'সেন্টার ফর পিস অ্যান্ড প্রোগ্রেস'-এর পক্ষ থেকে প্রকাশ্যে আসা এই আবেদনে উভয় সরকারের প্রতি দীর্ঘদিনের বৈরিতা অবসানে মোদি ও শেহবাজের মধ্যে বৈঠকের প্রস্তাব করা হয়েছে। স্বাক্ষরকারীদের মধ্যে ৬১ জন ভারতের, ৫৬ জন পাকিস্তানের।

এতে বলা হয়েছে যে, এই বৈরিতা লক্ষ লক্ষ তরুণ-তরুণীকে সুযোগ-সুবিধা, সমৃদ্ধি ও নিরাপদ ভবিষ্যতের অধিকার থেকে বঞ্চিত করছে। মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় স্বাক্ষরকারীদের মধ্যে ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহ, বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াইজ উমর ফারুক, পিডিপি প্রধান মেহবুবা মুফতি, আরজেডি এমপি মনোজ ঝা রয়েছেন।

এছাড়াও পশ্চিমবঙ্গের আম জনতা পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের স্বাক্ষর রয়েছে।
কিছুদিন আগেই শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ভারত-পাকিস্তান ট্র্যাক টু কূটনীতি নিয়ে পারদ চড়তেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন,'বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন বিষয়ে এ ধরনের বহু অনুষ্ঠান আয়োজিত হয়। এ ধরনের আলোচনার মধ্যে কোনও নতুনত্ব বা বিশেষত্ব নেই। আমাদের কাছে এগুলো শুধুই বেসরকারি উদ্যোগে আয়োজিত ব্যক্তিগত অনুষ্ঠান।' তিনি সাফ জানান,'এতে ভারত সরকারের কোনও যোগও নেই, সমর্থনও নেই।'

পাকিস্তানের সঙ্গে আলোচনার বিষয়ে গত কয়েক বছরে দিল্লি সাফ জানিয়েছে, সন্ত্রাসের গুলি আর আলোচনা একযোগে হতে পারে না। ভারতের সেই অবস্থানের প্রেক্ষিতে এই আবদনের চিঠি ঘিরে দিল্লি কোন বার্তা দেয়, সেদিকে তাকিয়ে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন