লাতিন ডিএনএ নিয়ে সতর্ক দেশম

ফন্ট সাইজ:

সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে ফ্রান্স। গেল বারের রানার্সআপদেরও ভাবনায় এখন প্যারাগুয়ে। যারা শেষ বত্রিশে টাইব্রেকারে বিদায় করে দিয়েছে শক্তিশালী জার্মানিকে। টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক দেখিয়েছে গুস্তাভো আলফারোর দল। তাই শেষ আটে যাওয়ার মিশনে নামার আগে সতর্ক ফরাসি কোচ দিদিয়ের দেশম।

মায়ের মৃত্যুর কারণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে দেশম ছিলেন না। এক ম্যাচ পর ডাগআউটে ফিরে গড়েছেন নতুন রেকর্ড। বিশ্বকাপের নকআউটে সবচেয়ে সফল দেশম। তার অধীনে ৯ নকআউট ম্যাচ জিতেছে ফ্রান্স। এমন কীর্তি নেই আর কোনো কোচের। বিশ্বকাপে ফ্রান্সের ডাগআউটে এবারই শেষ দেশমের। শেষটা রাঙানোর জন্য নিজের সবটুকু উজার করে দিচ্ছেন তিনি। শেষ ষোলোর কথা মাথায় রেখে প্যারাগুয়ে বনাম জার্মানির ম্যাচটি বেশ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেছেন দেশম। প্যারাগুয়ের আক্রমণাত্মক ফুটবল এবং শারীরিক সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, ‘আমি তাদের খেলা দেখেছি, জার্মানিকে হারানোটা কোনো কাকতালীয় বিষয় ছিল না। জার্মানি একটি দুর্দান্ত দল। প্যারাগুয়ের মধ্যে সেই দক্ষিণ আমেরিকান ডিএনএ রয়েছে, যার কারণে তারা মাঠে অত্যন্ত আক্রমণাত্মক এবং বিশেষ করে ওয়ান-অন-ওয়ান লড়াইয়ে দারুণ করে তাদের দলে বেশ কিছু ভালো মানের ফুটবলারও আছে।’ ম্যাচ শেষে এমবাপ্পের গোল উৎসর্গ প্রসঙ্গে দেশম বলেন, ‘কিলিয়ানের এই অঙ্গভঙ্গি আমাকে সত্যিই আবেগাপ্লুত করেছে। সে আমাদের অধিনায়ক। আমি শুধু ভালো কথা বলার জন্য বলছি না, প্রথম দিন থেকেই সে নিজের দায়িত্বের প্রতি এক অসাধারণ দৃষ্টান্ত হয়ে আছে।’ দেশম ডাগআউটে না থাকার উপস্থিতি টের পেতে দেননি ফ্রান্সের ফুটবলাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছিল তারা। সেটি মনে কওে দেশম বলেন, ‘আমি যখন ছিলাম না, তখন পুরো দল ছিল ঐক্যবদ্ধ। তাদের যা করণীয় ছিল তারা ঠিক তা-ই করেছে। বরং আমার না থাকাটাই দল এবং আমার-উভয়ের জন্যই ভালো ছিল। আমি ফেরার পর তারা জানতো যে আমি তাদের সাথেই আছি। শুধুমাত্র মানসিকতা দিয়ে ম্যাচ জেতা যায় না, কিন্তু আমি ভালো করেই জানি, ভুল মানসিকতা একটি ম্যাচ নিশ্চিতভাবে হারিয়ে দিতে পারে।’

৫ই জুলাই রাত ৩টায় পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফ্রান্স বনাম প্যারাগুয়ে শেষ ষোলোর লড়াই। এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে কানাডা বনাম মরক্কো ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন