কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার নাফ নদ এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃত মাদককারবারি জাগীর হোসেন (২৮) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়ার (৯ নম্বর ওয়ার্ড) আব্দুল হকের ছেলে।
বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদ পার হয়ে শাহপরীরদ্বীপ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন গোপন সংবাদে শাহপরীর দ্বীপ জেটি থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে বিশেষ আভিযানিক দল কৌশলগত অবস্থান নেয়। পরে রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটের দিকে শাহপরীরদ্বীপ বিওপি’র প্রযুক্তিগত পর্যবেক্ষণে নদীর মিয়ানমার প্রান্তে একটি হস্তচালিত নৌকার সন্দেহজনক গতিবিধি দেখা যায়।
এর কিছুক্ষণ পর এক ব্যক্তিকে দুটি বস্তাসহ সাঁতরে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেখে বিজিবি নৌ-টহল দল দ্রুত তাকে বস্তাসহ আটক করে। পরে বস্তা দুটি তল্লাশি করে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবি’র রাডারভিত্তিক নজরদারি, গোয়েন্দা কার্যক্রম এবং নিয়মিত স্থল ও নৌ-টহল অব্যাহত থাকবে। আসামি ও জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
