ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

ফন্ট সাইজ:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চমকফুল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত চমকফুল জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গাজিরপাড়া এলাকার বাসিন্দা। চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রাস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। ডা. মাইন উদ্দিন বলেন, মৃত চমকফুল গত ২৭শে জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি হন।

পরে তার অবস্থার অবনতি হলে ২৮শে জুন হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তিনি মারা যান। হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজন ভর্তি হয়েছেন। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১৩ জন। এদের মাঝে পুরুষ ৯ জন, নারী ৩ জন, শিশু ১ জন। এদের মাঝে চিকিৎসাধীন একজন পালিয়ে গেছেন। চলতি বছর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৩ জন চিকিৎসা নিয়েছেন। এদের মাঝে মারা গেছেন পাঁচজন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন