বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনার বিপরীতে দেশের বিভিন্ন স্থানে আরবিতে কালেমা লেখা পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। এই খবর এবার আন্তর্জাতিক মিডিয়াতেও গুরুত্ব সহকারে প্রকাশ পেয়েছে।
বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এক কট্টরপন্থি ইসলামি বক্তার আহ্বানে সাড়া দিয়ে তার সমর্থকেরা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সমর্থকদের উন্মাদনার পাল্টা প্রতীক হিসেবে ইসলামিক পতাকা উত্তোলন করেছেন। এ ঘটনায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে বুধবার (১ জুলাই) বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। বিশ্বকাপ এলেই দেশের লাখো সমর্থক বিশেষ করে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা টানিয়ে নিজেদের সমর্থন প্রকাশ করেন।
এএফপি জানিয়েছে, সম্প্রতি এক বক্তব্যে ইসলামি বক্তা মুফতি হারুন ইজহার তার অনুসারীদের প্রতি আহ্বান জানান, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা নামিয়ে তার পরিবর্তে যেখানে সম্ভব সেখানে কালেমা-খচিত সাদা ইসলামিক পতাকা উত্তোলন করতে।
এরপর দেশের এক ডজনেরও বেশি জেলায় এ ধরনের পতাকা উত্তোলনের খবর পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ জানিয়েছে, এসব পতাকা উত্তোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পুলিশের মুখপাত্র শাহাদাত হোসেন বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমরা সতর্ক অবস্থানে আছি।
হারুন ইজহারের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার সমর্থকরা ইসলামিক পতাকা হাতে মোটরসাইকেল শোভাযাত্রাও বের করেন। এ সময় তারা ধর্মীয় সংগীত বাজান।
এএফপিকে দেয়া সাক্ষাৎকারে হারুন ইজহার বলেন, আর্জেন্টিনা, ব্রাজিল বা অন্য কোনো দেশের প্রতি সমর্থন প্রদর্শনের ক্ষেত্রে সংযম থাকা উচিত।
তিনি আরও বলেন, তার অনুসারীরা যে সাদা পতাকা বহন করছেন, সেটিকে আফগানিস্তানের তালেবান সরকারের ব্যবহৃত পতাকা বা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর কালো পতাকার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয়।
তার ভাষায়, ধর্মনিরপেক্ষতাবাদীদের একটি অংশ এসব পতাকাকে দেখলেই তালেবানের পতাকা বা আইএসের পতাকা বলে আখ্যা দেয়। এটি সঠিক নয়।
এদিকে বাংলাদেশ প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেছেন, এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্পর্কে ভুল বার্তা দিতে পারে।
অন্যদিকে অনেক ফুটবলপ্রেমী ইসলামিক বক্তার এমন আহ্বানের বিরোধিতা করেছেন।
ব্রাজিলের সমর্থক মোহাম্মদ মনিরুজ্জামান চিশতি বলেন, ফুটবল কিছু সময়ের জন্য হলেও মানুষের দুঃখ-কষ্ট ও জীবনের নানা চ্যালেঞ্জ ভুলে থাকার সুযোগ করে দেয়। তিনি আরও বলেন, আমাদের কাছে ফুটবলই সর্বোচ্চ বিনোদনের মাধ্যম।
এএফপি’র বরাত দিয়ে একই খবর ইতিমধ্যে ডেইলি মেইল, ইয়াহু নিউজসহ বেশ কয়েকটি মিডিয়া প্রকাশ করেছে।
