ইরানের সঙ্গে ‘অনেক ভালো’ আলোচনা চলছে: ট্রাম্প

ইরানের সঙ্গে ‘অনেক ভালো’ আলোচনা চলছে: ট্রাম্প

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে এবং এ পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকগুলোও খুব ভালো হয়েছে। বুধবার (১ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মার্কিন বিমানঘাঁটি জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা খুব ভালো চলছে। আলোচনায় ইরান অনেক দূর এগিয়েছে।

এদিন মার্কিন প্রেসিডেন্ট বলেন, গত সপ্তাহে আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হেনেছি। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরানের পারমাণবিক ইস্যু খুবই সহজ। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের ওপর আরোপিত কিছু আর্থিক ও বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে।

পেজেশকিয়ানের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সমঝোতার ফলে ইরানের তেল রপ্তানি অব্যাহত রাখা, কিছু আর্থিক ও বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়া এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

চলতি বছর যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ এবং তেহরানের অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রার মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং তেহরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। এর ফলে ইরানে নতুন করে মুদ্রা সংকট দেখা দেয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন