লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে মাদক বিক্রিতে বাধা দেয়ায় ছুরিকাঘাতে গুরুতর আহত টাইলস মিস্ত্রি সাগর (৩২) মারা গেছেন। টানা ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নিহত সাগর চাঁদপুর সদর উপজেলার কেতুয়া এলাকার জুলফু হাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিসি রোড এলাকায় হালিমা মাদ্রাসার ২ নম্বর গেট সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করে টাইলস মিস্ত্রির কাজ করতেন। নিহতের বড় ভাই জসিম উদ্দিন হৃদয় জানান, ছুরিকাঘাতের পর থেকেই সাগর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ১২ই জুন রায়পুর পৌর শহরের সিনেমা হল রোড এলাকার নদীর পাড়ে মাদক বিক্রিকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে সাগরের পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় রায়পুর উপজেলার দেনায়েতপুর এলাকার ইমাম উদ্দিন বেপারী বাড়ির বাসিন্দা মো. নুরুল আমীনের (৪৫) বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার সময় স্থানীয় জনতা তাকে আটক করে। স্থানীয়দের দাবি, আটককৃত ব্যক্তির কাছ থেকে গাঁজাসদৃশ মাদক উদ্ধার করা হয়েছিল। ঘটনার ১৭ দিন পর গত সোমবার নিহত সাগরের শাশুড়ি বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। রায়পুর থানার অফিসার ইনচার্জ শাহীন মিয়া বলেন, সাগরের মৃত্যুর বিষয়টি জেনেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
